প্রথম বার প্রথা ভাঙলো দক্ষিণ কলকাতার জনপ্রিয় ক্লাব ৬৬ পল্লী। এটা ভাবাও কল্পনার অতীত। কিন্তু সেই কল্পনাই যদি বাস্তবে রূপান্তরিত হয়! তাহলে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। তেমনি এক নজির ঘটতে চলেছে দক্ষিণ কলকাতায়।
এই পুরুষতান্ত্রিক সমাজের বেড়া ভেঙে নতুন প্রথার জন্ম দিতে চলেছে কলকাতাবাসী। ইদানীংকালে বেশ সরগরম তা নিয়ে। এই প্রথমবার চ্যালেঞ্জ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে বাস্তবের শর্বরী ওরফে ডক্টর নন্দিনী ভৌমিক।
চলতি বছরের দুর্গা পুজোয় দক্ষিণ কলকাতার জনপ্রিয় ক্লাব ৬৬ পল্লীতে পৌরোহিত্য করবেন নন্দিনী এবং তাঁর সঙ্গীরা। ‘মায়ের হাতে হবে মা দুর্গার আবাহন’- এই মন্ত্র নিয়েই ৬৬ পল্লীর এবারের পুজো। নতুন ইতিহাস গড়তে চলেছে খাস কলকাতার বুকে। আগেই ডঃ নন্দিনী ভৌমিকের জীবন কাহিনী পর্দায় ফুটে উঠেছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির হাত ধরে। এবার বাস্তবে তার সাক্ষী হতে চলেছে সকলে।
এমনিতেই সমাজে লিঙ্গ বৈষম্যের বেড়াজাল রয়েছে। তা ভেঙে সকলের বিরুদ্ধে গিয়ে পৌরোহিত্য করেন ডঃ নন্দিনী ভৌমিক। আর এবার তাঁদের নিজেদের ক্লাবে এনে নজর কাড়তে চলেছে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় ক্লাব। নন্দিনী ভৌমিকের সঙ্গ দেবেন রুমা রায়, সেমন্তী ব্যানার্জি এবং পৌলমী চক্রবর্তীরা। এই পূজা কমিটির প্রধান পুরোহিত মারা যাওয়ার পরই, এই চিন্তাধারা দানা বাঁধে কর্তৃপক্ষের মাথায়। তারপর সকলের সমর্থন নিয়েই এই সিদ্ধান্তে মত দিয়েছেন পূজা কমিটির কর্তৃপক্ষ।
এই বিষয়ে পুজো কমিটির সিনিয়র পদাধিকার প্রদ্যুম্ন মুখোপাধ্যায় জানিয়েছেন, চারজন মহিলারই শাস্ত্রের উপর দারুণ দক্ষতা রয়েছে। এমনিতেই নিজ নিজ ক্ষেত্রে তাঁরা অধ্যাপক। উপাসনা করার জন্য সর্বদিক দিয়ে তাঁরা উপযুক্ত। শুধুমাত্র মহিলা বলে, তাঁরা পুজো করবেন না! এটা তো হতে পারে না। কেন বাড়িতে তো মহিলারা পূজা করেই থাকেন! যদি মাটির প্রতিমা মহিলা হতে পারে, তাহলে তাঁকে পুজো করার জন্য মহিলা পুরোহিত কেন হবে না?
এই বিষয়ে নন্দিনী ভৌমিক জানিয়েছেন, বৈষম্যহীন পুজো আজকের দুনিয়ায় খুবই জরুরী। সব মানুষ যাতে ভালোবেসে এখানে আসতে পারেন সেরকম ভাবেই পুজো হবে। সমস্ত নিয়ম পালন করে, আচার পালন করে মায়ের আরাধনা করা হবে। গান গেয়ে রীতি অনুসরণ করে পুজো হবে।
এবারে তিনি জানিয়েছেন, শুধু প্রার্থনা সকলে যেন সুস্থ থেকে ঠাকুর দেখেন। এই অসুস্থ পৃথিবী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। প্যান্ডেল দেখার আশায় নয়, পুজো দেখার আশায় যেন ভিড় হয় এই মণ্ডপে।
সমাজের চিরাচরিত বাধা ভেঙে, মহিলারা যে পৌরোহিত্য করতে পারেন তার নজির গড়েছেন নন্দিনী ভৌমিক। আর তা নিয়ে ছবি হয়ে গিয়েছে অরিত্র মুখোপাধ্যায়ের “ব্রহ্মা জানেন গোপন কম্মটি”। ২০২০ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী। এবার বাস্তবে সেই নজির ঘটতে চলেছে কলকাতার ‘৬৬ পল্লী’ ক্লাবে
এর আগে বিয়ে, পরলৌকিক, গৃহপ্রবেশ এই সমস্ত অনুষ্ঠানে তাঁরা গিয়েছেন। কিন্তু কখনও মূর্তিপূজায় এর আগে যাননি। এই প্রথমবার তাঁদেরকে অনুরোধ করায়, তাঁদের আসা। পাশাপাশি নন্দিনী ভৌমিক আশা রাখছেন, তাঁদের পুজোতে সন্তুষ্ট হবেন মা দুর্গা-সহ দর্শনার্থী রাও।
আগামী ২২ তারিখ রাখি পূর্ণিমার দিন আয়োজন করা হয়েছে ‘৬৬ পল্লী’-র খুঁটি পুজো। সেদিনই কলকাতার বুকে ঘটবে এক বিস্ময়কর ঘটনা। মায়ের আরাধনায় দেখা যাবে চারজন মহিলা পুরোহিতকে।





