শিব চতুর্দশীতে কোন ফুল দিয়ে পুজো দেবেন শিবকে? জেনে নিন মহাদেবের প্রিয় ফুলগুলি কী কী…

শিবকে সর্বোচ্চ স্তরে সর্বোৎকৃষ্ট ও অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। তিনি সংসার ও কালচক্রের সকল গুণ-অগুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি রয়েছে। সদাশয় রূপে তিনি সর্বজ্ঞ যোগী, কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবন যাপন করেন তিনি। গৃহস্থ রূপে আবার তিনি পার্বতীর স্বামী আর ভয়ঙ্কর রূপে তাঁকে দৈত্যবিনাশী বলে বর্ণনা করা হয়।

শিবরাত্রি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এদিন পুরুষ-নারী নির্বিশেষে উপোস রেখে শিবের পুজো করেন। এবছর ১লা মার্চ ভোর ৩টে ১৬ মিনিটে শুরু হচ্ছে শিব চতুর্দশী ও শেষ হচ্ছে ২রা মার্চ সকাল ১০টায়। এর মধ্যবর্তী সময়েই করতে হবে মহাদেবের পুজো।

যে কোনও পুজোর মূল উপকরণ হল ফুল। এদিন শিবকে দুধ, ঘি, মধু মাখিয়ে ডাবের জল বা গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। কোন কোন ফুলে তুষ্ট হন মহাদেব, শিব চতুর্দশীর দিন কী কী আচারই বা পালন করতে হয়, আসুন জেনে নেওয়া যাক-

  • এদিন বেলপাতা ও আকন্দের মালা দিয়ে পুজো করুন শিবের। মহাদেবের প্রিয় ফুল হল নীল অপরাজিতা, হলুদ কলকে ও আকন্দ।
  • এছাড়াও দিতে পারেন ধুতরো ফুল। শিবলিঙ্গ স্নান করিয়ে ভক্তিভরে এই তিন ফুল দিয়ে পুজো দিন।
  • আকন্দের মালা শিবরাত্রির দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই এই ফুলটিকে ভুললে কিন্তু কোনওভাবেই চলবে না।
  • এছাড়াও পাঁচ রকম গোটা ফল নিবেদন করুন শিবকে। এই ফলের মধ্যে বেল, শসা, শাঁখালু এসব কিন্তু অবশ্যই রাখবেন।
  • শিবরাত্রির দিন অনেকেই তিন প্রহরে জল ঢালেন তো কেউ আবার সন্ধ্যেবেলা পুজো দেন। আসলে মনের ভক্তিই আসল ভক্তি। নিজের সুবিধামতো পুজো সারবেন আপনি।
  • এদিন গরীব মানুষদের খাওয়ান, নতুন বস্ত্র দান করুন। এই সমস্ত সামাজিক কাজের মাধ্যমেই মনের কামনা পূর্ণ হয়।
  • সংসারের সুখ শান্তি বজায় রাখতে এবং প্রিয়জনের মঙ্গলকামনায় এদিন অবশ্যই কলকে-আকন্দ-নীল অপরাজিতা আর ধুতরো ফুল দিয়ে শিবের পুজো করুন।
  • এদিন পুজো দিয়ে এসে এদিন নিরামিষ আহার করুন। পোড়া বা স্যাঁকা জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। সেই সঙ্গে জল, ডাবের জল এসবও খাবেন।

আরও অন্যান্য খবর