সোশ্যাল মিডিয়ার দৌলতে পৃথিবীর প্রায় সব খবর আমাদের হাতের মুঠোয় চলে আসে নিমেষেই। এবার এক বৃদ্ধার হাতের মুঠোয় করে বিষধর গোখরো সাপ টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তাতেই হাড়হিম হয়ে গিয়েছে দর্শকদের।
Grandma that’s not the way to treat a COBRA😳 pic.twitter.com/RkQg8gdBQk
— Susanta Nanda IFS (@susantananda3) May 26, 2020
মঙ্গলবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS)-এর আধিকারিক সুশান্ত নন্দার টুইটারে পোস্ট করা এই ভিডিও দেখে অনেকের আত্মারাম খাঁচা হয়ে গিয়েছে। ভিডিওতে একটি বিষধর গোখরো সাপের লেজ ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে। ভিডিওটি ভারতেরই একটি গ্রামের বলে জানা গিয়েছে।
২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে হেঁটে আসছেন এক বৃদ্ধা। তাঁর ডান হাতে ধরা রয়েছে একটি গোখরো সাপের লেজ। সেটি ধরে সাপটিকে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রচণ্ড রাগে সাপটি তাঁকে ছোবল মারার চেষ্টা করলেও। সফল হচ্ছে না। কিছুটা যাওয়ার পর একটি পুকুরের মধ্যে সাপটিকে ছুঁড়ে ফেলে দিতে দেখা যায় ওই বৃদ্ধাকে। ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, ঠাকুমা একটা গোখরো সাপকে শায়েস্তা করার এটা উপায় নয়।
ভিডিওটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ১৮ হাজারের বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। লাইকও করেছেন দেড় হাজারের বেশি মানুষ। আর তাঁদের মধ্যে কোনও কোনও নেটিজেন বলছেন, ওই বৃদ্ধার সাহসকে কুর্নিশ জানাই। যেভাবে নিজের শরীর থেকে দূরত্ব বজায় রেখে বিষধর গোখরো সাপটিকে তিনি শায়েস্তা করলেন তা দেখে ভাষাহীন হয়ে পড়ছি। দেখে মনে হচ্ছে উনি বয়সে বৃদ্ধা হলেও এখনও পর্যন্ত খুবই কর্মঠ ও শক্তিশালী। কেউ কেউ আবার এই বয়সে এই দুঃসাহসিকতা দেখানো ঠিক হয়নি ওই বৃদ্ধার বলে মন্তব্য করেছেন অনেকে।





