করোনার আবহে আমাদের সচেতনতা আরও বেড়ে গেছে। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমরা এখন সোশ্যাল ডিসট্যান্সিং, মাস্ক এবং ঘন ঘন হাত পরিষ্কার করার সুঅভ্যাস রপ্ত করে নিয়েছি। এছাড়া বাইরে থেকে সবজি আনার পর সেগুলিকেও অনেকে সাবান জলে ধুয়ে তুলছেন। কিন্তু ফল, সবজি সাবান জলে ধোয়া কি উচিত? এতে কি সত্যিই করোনা মুক্ত হওয়া যায়? দেখে নিন এক নজর।
মনে রাখবেন আপনারা যারা করোনা থেকে বাঁচতে বাজার থেকে আনা ফল, শাক-সবজিকে সাবান জলে পরিষ্কার করছেন তারা কিন্তু নিজের অজান্তেই নতুন বিপদ ডেকে আনছেন। কারণ সাবানে ফর্মালডিহাইড থাকে যাতে আমাদের পেট খারাপ হয়।
তাই যদি আপনি ফল- শাক-সবজিকে ধুয়ে পরিষ্কার করতে চান তবে এক চতুর্থাংশ ভিনিগার এবং তিন চতুর্থাংশ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটিকে সবজি ও ফলের ওপর স্প্রে করুন। এছাড়া ২ বড় চামচ নুন, আধ কাপ ভিনিগার আর ২ লিটার জল মিশিয়েও মিশ্রণ তৈরি করতে পারেন। তারপর সবজি, ফল জলে ধোয়ার আগে ৫ মিনিট এই মিশ্রণে ডুবিয়ে রাখুন।
এছাড়া গরম জলে ৫০ পিপিএম ক্লোরিনের কেবল এক ফোঁটা মিশিয়ে তাতে সবজি ধুতে পারেন। কারণ আমরা জানি ক্লোরিন জীবাণুনাশক। কিন্তু ক্লোরিনের পরিমান বেশি হলে তা শরীরের পক্ষে খারাপ। এছাড়া আলু, শসা, তরমুজের মত মোটা খোসাযুক্ত সবজি বা ফলের ক্ষেত্রে সেগুলো কেবল পরিষ্কার ব্রাশ দিয়ে সাফ করতে পারেন।
তবে মনে রাখবেন শুধু সবজি বা ফল ধুলেই হবে না সঙ্গে সিঙ্কও পরিষ্কার করতে হবে। এছাড়া টাটকা শাক-সবজি আনার জন্য ওয়াশেবল ব্যাগ ব্যবহার করুন যাতে তাকে প্রতিদিন পরিষ্কার করা যায়।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু গাইডলাইনস প্রকাশ করেছে যেখানে কয়েকটি জিনিস খেয়াল রাখলেই আপনি বুঝতে পারবেন আপনি যা খাচ্ছেন, তা নিরাপদ কিনা। মনে রাখবেন খাবার ভাল করে রান্না করে খাবেন এবং রান্না করার সময় তা নির্দিষ্ট তাপমাত্রায় রাখবেন। এছাড়া রান্নায় ব্যবহৃত জল যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন।






