তবে রক্তচাপ নিয়ন্ত্রনে রাখার জন্য যোগাসন হচ্ছে অব্যর্থ ওষুধ। বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার, মানসিক অবসাদ, চিন্তা যেগুলি থেকে খুব সহজে মানুষ মুক্ত হতে পারে না সেগুলোই রক্তচাপের প্রধান কারণ।
আর সেই কারণেই এখানে রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে তিনটি যোগাসনের উল্লেখ করা হলো, যার সাহায্যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যাবে এবং হাইপারটেনশানের ঝুঁকি কমানো যাবে।
১. অনুলোম বিলোম- হাইপারটেনশন নিয়ন্ত্রণের অন্যতম মোক্ষম যোগাসন। পা মুড়ে বসে পড়ুন। হাঁটুর ওপর হাত রেখে চোখ বন্ধ করে বসুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে নাকের ডান দিকে রেখে বন্ধ করুন। এর পর বাম নাকের ছিদ্র দিয়ে ৪ গুণে গভীর শ্বাস নিন। এবার অনামিকা আঙুল দিয়ে নিজের বাম নাকের ছিদ্র বন্ধ করুন এবং ২ সেকেন্ড এ ভাবেই ধরে রাখুন। এ সময় দুই নাকেই নিজের শ্বাস ধরে রাখবেন, ছাড়বেন না। ডান নাকের দিক দিয়ে নিজের ডান বৃদ্ধাঙ্গুলি সরিয়ে নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
অনুলোম-বিলোম। এর পর এ ভাবেই ডান নাকের ছিদ্র দিয়ে ৪ গুণে গভীর শ্বাস নিন, এ সময় নিজের অনামিকা রাখুন বাম নাকের ওপর। এর পর দুই সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখার পর বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ৫ মিনিট এ ভাবেই করুন। এ সময় নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর লক্ষ্য রাখুন।
এই যোগাসনটি প্রত্যহ করলে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি মজবুত হয়, ফুসফুস ও হৃদয় সুস্থ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
২. শবাসন- নিজের পিঠের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। পা সোজা রাখুন এবং দুপাশে হাত ছড়িয়ে স্বস্তিতে থাকুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। শরীর রাখুন স্বাভাবিক এবং স্বস্তিতে। হাতের তালু ওপরের দিকে মুখ করে থাকে যেনও। স্বাভাবিক ছন্দে শ্বাসপ্রশ্বাস চালিয়ে যান। নিজের সমস্ত লক্ষ্য স্থির রাখুন পায়ের আঙুলের ওপর। কিছু সময় পর ধীরে ধীরে নিজের শরীরের সমস্ত অংশকে হাল্কা করুন ও মুক্তি দিন।
শবাসন এবং গভীর শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া স্নায়ুতন্ত্রকে স্বস্তি প্রদান করে। তবে এই আসন করতে করতে শুয়ে পড়বেন না। স্বস্তি অনুভব করার পর ধীরে ধীরে শরীর ঘুরিয়ে সুখাসন করুন। কিছু ক্ষণ এ ভাবে থাকুন। এর পর ধীরে ধীরে নিজের চোখ খুলবেন।শবাসন করলে শরীরের তাপমাত্রা খুব সহজে কমিয়ে ফেলা যায়। এর ফলে অবসাদমুক্ত হওয়া যায় এবং কোষ মেরামতি সম্ভব। আবার গর্ভবতী মহিলারাও এর ফলে লাভ পেতে পারেন।৩. ভুজঙ্গাসন- নিজের পেটের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। হাত রাখুন বুকের পাশে, শরীরের কাছে। কনুই যাতে বাইরের দিকে পয়েন্ট করে থাকে লক্ষ্য রাখবেন। শ্বাস নিন এবং নিজের কপাল, ঘাড় ও কাঁধ তুলুন।হাতের ওপর ভর করে কোমরের ওপরের দিকের অংশ আস্তে আস্তে ওপরের দিকে তুলুন। শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া স্বাভাবিক রেখে ওপরের দিকে মুখ করে থাকুন। পেট যেন, মাটি স্পর্শ করে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন।
এই আসনের ফলে নিতম্ব, নিতম্বের পেশী, বুক, পেট, কাঁধ, ফুসফুস মজবুত হয়। রক্ত চলাচলে উন্নতি হয় এবং শরীর অবসাদ মুক্ত হয়।






