শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে এই মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই জেরা থেকেই অব্যাহতি পেতে এবার নতুন করে হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক।
গত মাসের প্রথমের দিকে কুন্তল ঘোষ চিঠি লিখে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁর উপর নাকি চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য। এই বিষয়টিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করানো হয়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে নির্দেশ দেন যাতে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সেখানে স্বস্তিও মেলে তাঁর। অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া শীর্ষ আদালত। এই মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যা নিয়ে গোটা বাংলায় তোলপাড় শুরু হয়। এই মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
আগের দিনই এই সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহা বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা”। যদিও এই ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি বিচারপতি সিনহা। আগামীকাল, শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে।
গত ৮ মে বিচারপতি সিনহার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলকে পক্ষই করা হয়নি। শুধু পর্যবেক্ষণ রাখা হয়েছে। সেই ভিত্তিতে জেরা কীভাবে করা যায়? সেই মামলায় অভিষেককে পার্টি করার অনুমতি দেন বিচারপতি সিনহা। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। তবে এর আগেই জেরা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে আবেদন করলেন অভিষেক। ওয়াকিবহাল মহলের মতে, অভিষেক জিজ্ঞাসাবাদে অংশ নিতে চাইছেন না কে? তাহলে কী কোনওভাবে ভয় পাচ্ছেন তিনি? এমন প্রশ্নও উঠেছে।





