আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। আপাতত প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তাকে। তবে এবার আদালতে এক অন্য আর্জি জানালেন সঞ্জয়ের আইনজীবী। তাঁর দাবী, জেলের মধ্যে সঞ্জয় একাকীত্বে ভুগছে।
আর জি কর কাণ্ডের মামলায় আজ, শুক্রবার অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে ভারচুয়ালি পেশ করা হয়। সেখানেই মক্কেলের জন্য এক নতুন আর্জি রাখেন সঞ্জয়ের আইনজীবী। তিনি আবেদন করেন যাতে তাঁর মক্কেলকে সাধারণ সেলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এদিন বিচারক আইনজীবীর এই আর্জি শুনে এর কারণ জানতে চান। সঞ্জয়ের আইনজীবী জানান, জেলে সঞ্জয় নিঃসঙ্গতায় ভুগছে। একা রয়েছে সেখানে সে। যদি তাকে সাধারণ সেলে অন্যান্য বন্দিদের সঙ্গে রাখা হয় তাহলে তার মানসিক চাপ কমবে। সেই কারণেই একক সেল থেকে সাধারণ সেলে পাঠানোর আর্জি জানান আইনজীবী। এই বিষয়ে যদিও বিচারক কোনও নির্দেশ দেন নি।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। সেই ঘটনায় এখনও উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। ন্যায় বিচারের দাবীতে পথে নেমে আন্দোলন করছেন সকল স্তরের মানুষ। কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা।
এই ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। পরবর্তীতে হাইকোর্ট যখন এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তখন সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে সঞ্জয়কে। পলিগ্রাফ টেস্ট হয়েছে তার। জানা যায়, আর জি কর অবাধ যাতায়াত ছিল তার। ঘটনার দিনও একাধিকবার হাসপাতালে ঢুকতে-বেরোতে দেখা গিয়েছে তাকে। এবার তাকলে নিয়ে এক অন্য আর্জি জানালেন তার আইনজীবী।





