জুনিয়র চিকিৎসকদের অবস্থানে বাধা, মারধর, লাথি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, চিকিৎসকদের টেনেহিঁচড়ে চ্যাংদোলা করে সরাল পুলিশ

আজ, শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলার ওয়াই চ্যানেলে তাদের অবস্থান করার কথা ছিল। কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। পুলিশের বিরুদ্ধে মারধর, লাথি মারার অভিযোগ উঠেছে।

এদিন মিছিলের পর ওয়াই চ্যানেলে অবস্থান করে সাংবাদিক বৈঠক করার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের। সেখান থেকেই তারা তাদের আন্দোলনের আগামীর পথের বিষয়ে জানাতেন। কর্মবিরতি কী তারা প্রত্যাহার করবেন, সে বিষয়ে অবগত করতেন। কিন্তু এদিন ওয়াই চ্যানেলে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে বাধা দেয় পুলিশ।

জানা গিয়েছে, ওয়াই চ্যানেলে কিছু ম্যাটাডোর নিয়ে অপেক্ষা করছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময় তাদের সেখান থেকে জোর করে সরিয়ে দিতে চায় পুলিশ। তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। লাথি মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। দু’পক্ষের মধ্যে ঝামেলা হতে থাকে। এই মুহূর্তে ধর্মতলার মোড়ে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় ব্যাহত যান চলাচল। চিকিৎসকদের কথায়, “পুলিশের মুখোশ খুলে গিয়েছে”।

আজ এই ধর্মতলা থেকেই কর্মবিরতি নিয়ে আগামী পরিকল্পনা জানানোর কথা ছিল জুনিয়র চিকিৎসকদের। সূত্রের খবর, কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করে দাবীদাওয়া পূরণের জন্য প্রশাসনকে সময়সীমা বেঁধে দিতে পারেন জুনিয়র চিকিৎসকরা। প্রশাসন যদি দাবী না মানে, তাহলে অনশনের পথেও হয়ত হাঁটতে পারেন তারা। অনশন চললে কর্মবিরতি তুলে নেওয়া কীভাবে সম্ভব হবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন।  

প্রসঙ্গত গতকাল, বৃহস্পতিবার রাত ৮টার কিছু পরে শুরু হয় এই জিবি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন নানান বিভাগের সিনিয়র চিকিৎসকরা। সেই বৈঠক শেষ হয় আজ সকাল ৮টা সাড়ে ৮টা নাগাদ। এই দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে জুনিয়র চিকিৎসকরা কী সিদ্ধান্ত নিলেন, তা জানার জন্য মুখিয়ে সকলে। কর্মবিরতি কী উঠে যাবে, কোন পথে চলবে আন্দোলন, কী সিদ্ধান্ত হবে জুনিয়র চিকিৎসকদের?

অন্যদিকে সিনিয়র চিকিৎসকদের একাংশও চাপ দিচ্ছেন কর্মবিরতি তুলে নেওয়ার জন্য। তাদের মতে, পূর্ণ কর্মবিরতি না করাই ভালো। আন্দোলন চলুক, তবে কর্মবিরতি বা মানুষের অসুবিধা করে নয়। ফলে পূর্ণ কর্মবিরতি থেকে এবার জুনিয়র চিকিৎসকরা সরে আসেন কী না সেটাই দেখার! 

RELATED Articles