‘আমি আতঙ্কিত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আর নয়, যাদবপুরে ফিরতে চাই’, কান্নায় ভেঙে পড়ে জানালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজের উপর হওয়া হেনস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি। তিনি জানান যে এত অপমানের পর তিনি আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকতে চান না, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান।

মহম্মদ আলি এও জানান যে নিজের এই ইচ্ছার কথা তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়েছেন। এর পাশাপাশি, তিনি এও জানান যে এই ঘটনা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড়কে জানাবেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, “শিক্ষক হিসেবে আমি ভীষণভাবে লজ্জিত এবং আতঙ্কিত”। তিনি জানান যে ঘটনার দিন বেরোনোর সময় গেটের কাছে কয়েকজন ছাত্র এসে তাঁকে বাধা দেয়। তাঁকে  মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপাচার্য।

তাঁর কথায়, “নিরাপত্তারক্ষীকে বলেছিলাম দরজায় তালা দিয়ে রাখতে যাতে ওরা ঢুকতে না পারে। নিরাপত্তারক্ষীকেও কার্যত চাপ দিয়ে দরজা খোলায় ওরা। কিছুক্ষণের জন্য বোর্ড রুমে গিয়ে বসেছিলাম। এমনভাবে ওরা ধাক্কা মারছিল, অশালীন ভাষা ব্যবহার করছিল ফলে বাধ্য হয়ে  আবার নিজের ঘরে চলে আসি। অসহায় লাগছিল, দমবন্ধ হয়ে আসছিল”।

এদিন কথা বলতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন উপাচার্য। বলেন, “একজন শিক্ষক হিসেবে ব্যর্থ বলে মনে হচ্ছিল। ঢোকার আগের মুহূর্তে পুলিশকে ফোন করে জানিয়েছিলাম। প্রথম থেকেই ভীষণভাবে দাপুটে নেতা বলে দাবি করে। কোথা থেকে এত সাহস পায় জানি না। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আর ফিরে যেতে চাই না। সুরক্ষিত মনে হচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে চাই”।

এদিকে, আজ, সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডবের ঘটনায় একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছে পড়ুয়ারা। পড়ুয়াদের দাবী, ওই অডিও ক্লিপেজে দু’জনের মধ্যে কথোপকথন হচ্ছে বলে শোনা যাচ্ছে, তাদের মধ্যে একজন বর্তমান ও অপরজন প্রাক্তন ছাত্র। তবে খবর ২৪৭-এর তরফে এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি।

পড়ুয়াদের দাবী অনুযায়ী, উপাচার্যকে কীভাবে অপদস্থ করে তাড়ানো যায়, সেই আলোচনার কথাই উঠে এসেছে এই অডিও ক্লিপে। এই অডিও ক্লিপে জিম নওয়াজ বলে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, তার আদতে কতটা ক্ষমতা ও তিনি শাসকদলের কতটা ঘনিষ্ঠ, তা জানা গিয়েছে এই অডিও ক্লিপের মাধ্যমে।

বলে রাখি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাঁকে শাসানি, অশালীন ভাষায় কথা বলা ও চড় মারার হুমকি দেন তৃণমূলের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট ও বহিষ্কৃত ছাত্র গিয়াসউদ্দিন মণ্ডল। সেই তাণ্ডবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও অন্যান্য খবর