হাত দিলেই উঠে আসছে পিচ, এ কী হাল! রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, কাটমানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এ কী হাল হয়েছে রাস্তার! হাত দিলেই যেন মুড়িমুড়কির মতো উঠে চলে আসছে পিচ। ঝরে পড়ছে কাঁকড়। এমন রাস্তা তৈরি হয়েছে যে দু’দিনের মধ্যে খসে পড়ছে পিচ। এই রাস্তা কী আদৌ চলাচল যোগ্য? এমনটাই উঠছে প্রশ্ন! রাস্তা সারাই করতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নিজেদের পকেটে টাকা ঢোকানোর অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। জানা গিয়েছে, সেখানে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল যাওয়ার দিকে এক কিলোমিটার রাস্তা সারাই হচ্ছে। আর সেই রাস্তা সারাইয়ের জন্যই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করেই ঠিকাদার ওয়ার্ক অর্ডার না টাঙিয়ে রাস্তা সারাইয়ের কাজ করছিলেন বলে অভিযোগ।

গ্রামবাসীদের দাবী, রাতের অন্ধকারে এই রাস্তা সারাইয়ের কাজ চলছে যাতে দুর্নীতি যে হচ্ছে তা সাধারণ মানুষের চোখে না পড়ে। এই অভিযোগ তুলে রাস্তা সারাইয়ের কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এর প্রতিবাদে গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।    

অভিযোগ উঠেছে, এই রাস্তা সারাইয়ের ঠিকাদার সংস্থা এক তৃণমূল নেতা ব্যবসায়ীর থেকে রাস্তা সারাইয়ের জন্য বালি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনছে। আর তৃণমূল নেতা সেখান থেকে কাটমানি নিচ্ছে। নিম্মমানের সামগ্রী দিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।

road renovation, Maldah, corruption, TMC Leaders, cut money, accusation

এই দুর্নীতির অভিযোগ উঠতেই প্রশাসনিক আধিকারিকরা জেলা শাসকের নির্দেশে কাজের মান খতিয়ে দেখেন। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলি রুমির নেতৃত্বের একটি টিম কাজ খতিয়ে সিডিউল টাঙানোর নির্দেশ দিয়েছেন। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের পকেটে কাটমানি যাচ্ছে, সেই কারণেই রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ তৃণমূলের মঞ্চে ফের দেখা মিলল উর্দি পরা পুলিশ আধিকারিকের, তৃণমূল নেতার সঙ্গে বসে হাততালি, ভিডিও ফাঁস হতেই তুমুল বিতর্ক

 যদিও এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূল আইএনটিটিইউসি ব্লক সভাপতি সাহেব দাসের দাবী, যদি দুর্নীতির অভিযোগ উঠে থাকে, তাহলে  প্রশাসন সেটা খতিয়ে দেখছে। উন্নয়নকে আটকানোর জন্য এমন অভিযোগ করছে বিজেপি, এমনটাই দাবী তাঁর। এই গোটা ঘটনায় তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে ওই এলাকায়।

RELATED Articles