বঙ্গে এখন দারুণ মনোরম এক আবহাওয়া। শীতের আমেজ এই মুহূর্তে ভরপুর উপভোগ করছে বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা। পিছিয়ে নেই কলকাতাও। শহরের তাপমাত্রা নামল ১৮ ডিগ্রির নীচে। তবে শীতবিলাসীদের প্রশ্ন, জাঁকিয়ে শীতটা কবে পড়বে বঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর এর জেরেই নেমেছে পারদ। শীতের শুরুতেই পুরুলিয়া ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা। অন্যদিকে, বাঁকুড়ায় ১৩ ডিগ্রি ও কলকাতায় ১৮ ডিগ্রি ছুঁয়েছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে শীতের নাচন ভালোই টের পাচ্ছেন বাসিন্দারা। গরম জামাকাপড় পরা শুরু হয়ে গিয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে দুই ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদে। এছাড়াও বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। আপাতত রাজ্যে আর বৃষ্টি বা নিম্নচাপের কোনও কাঁটা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশের দেখা মিলবে। তবে বঙ্গে জাঁকিয়ে শীত পেতে এখনও ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। ততদিন এম্ম মনোরম আবহাওয়াই বিরাজ করবে রাজ্যজুড়ে।
আজ, মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামল। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ১৮-১৯ ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা। গতকাল, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭-৮৮ শতাংশ।





