Anubrata Mondal : এসআইআর নিয়ে তৃণমূলের গণ্ডগোলের মাঝেই বিস্ফোরক অনুব্রত! “জেল খাটব, কিন্তু দেশ ছাড়ব না”- দাবি কেষ্ট’র!

বাংলার রাজনীতিতে ফের চড়ছে তাপমাত্রা। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া ঘিরে চলছে জোর রাজনৈতিক তরজা। বাড়ি বাড়ি ফর্ম বিলি, নাম যাচাই, বাদ ও সংযোজন— সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের তরফে কাজ এগোলেও, রাজনৈতিক শিবিরগুলিতে বাড়ছে চাপা অস্থিরতা। এর মাঝেই মুখ খুললেন তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল, যাঁর বক্তব্যে নতুন করে জোরালো হয়েছে আলোচনার সুর।

গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা অভিযোগ উঠছে। কোথাও অভিযোগ, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ’; কোথাও আবার দাবি, ‘অন্যায়ভাবে তথ্য যাচাই।’ এই আবহেই বিএলও (BLO) দের পরিশ্রম বাড়ছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে। একদিকে প্রশাসনের তৎপরতা, অন্যদিকে বিরোধীদের অভিযোগ— এই দুইয়ের টানাপোড়েনে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত। ঠিক এমন সময়েই বীরভূমের দারকা অঞ্চলের তৃণমূলের সভা থেকে অনুব্রত মণ্ডল তুললেন নিজের কণ্ঠস্বর।

সভার মঞ্চে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজাসুজি কথা বলেন অনুব্রত। তাঁর দাবি, “১৯৫২ সালে প্রথম ভোটার তালিকা তৈরির সময় থেকেই আমার দাদুর নাম ছিল। আজও আমাদের ফর্ম ফিল-আপ করতে হচ্ছে, আমরা করবও। কিন্তু ভাবছ, ওতই সহজ? দেশ থেকে আমাদের তাড়াবে? আমরা রুখে দাঁড়াব। ভয় পাই না, পাবও না।” তাঁর এই বক্তব্যে যেমন দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।

তবে এখানেই শেষ নয়। কারণ, কিছুদিন আগেও এই অনুব্রতই ছিলেন সম্পূর্ণ ভিন্ন সুরে। সেই সময় তিনি বলেছিলেন, “এসআইআর চালু হোক, তাতে সমস্যা কী? ভোটার তালিকা পরিষ্কার হবে, এটা খারাপ কিছু নয়।” কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রকাশ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন, তখন প্রশ্ন উঠেছিল— দলের মধ্যে এত ভিন্নমত কেন? এবার দেখা যাচ্ছে, কেষ্ট আবার মূলস্রোতে ফিরেছেন, দলের অবস্থানের সঙ্গেই তাল মিলিয়েছেন।

আরও পড়ুনঃ Digha Hotel Booking fraud : বুকিং করলেই উধাও টাকা! দিঘা-মন্দারমণিতে ফাঁদ পেতেছে প্রতারক চক্র — পর্যটকদের নিঃস্ব করছে নকল হোটেল সাইট!

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন, এসআইআর আতঙ্কে এখনও পর্যন্ত রাজ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেই প্রেক্ষিতেই অনুব্রতের হুঁশিয়ারি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, এটি শুধু ভোটার তালিকার সংশোধন নয়, আত্মপরিচয়ের লড়াই। এখন দেখার, নিবিড় পরিমার্জন প্রক্রিয়া যত এগোবে, ততই কি এই রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবে? রাজ্যবাসীর নজর সেই দিকেই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles