Bangladesh: ১৩তম নির্বাচনে লম্বা লাইন, ১৫% ভোট পড়তেই বিস্ফোরণ! স্থিরতার খোঁজে ব্যালটযুদ্ধে বাংলাদেশ!

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, রাস্তায় আন্দোলন আর ক্ষমতার পালাবদলের পর অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি আজ, বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙতেই দেশের নানা প্রান্তে এক অন্য রকম আবহ। মানুষের মুখে একই প্রশ্ন—এই ভোট কি শান্তি আর স্থিতিশীলতার পথ খুলে দেবে? প্রায় দেড় বছর ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ আজ নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করার সুযোগ পেল।

শেখ হাসিনার সরকারের পতনের ১৮ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভিড় চোখে পড়ার মতো। সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টে পর্যন্ত। অন্তর্বর্তিকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মুহম্মদ ইউনূস ভোট দিয়ে বলেন, “দুঃস্বপ্নের সমাপ্তি, নতুন স্বপ্নের শুরু।” ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান ও তাঁর স্ত্রী। ঢাকার মিরপুর-২ নম্বর এলাকায় মণিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন জামাত-এ-ইসলামির প্রেসিডেন্ট আমির শফিকুর রহমান। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সংসদের মোট ৩০০টি আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টিতে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১,৯৮১ জন প্রার্থী। নিবন্ধিত ভোটার প্রায় ১২৭ মিলিয়ন। একই দিনে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের প্রশ্ন রয়েছে। প্রধান লড়াইয়ে একদিকে বিএনপি, অন্যদিকে জামাত-এ-ইসলামি ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-সহ ১১ দলের জোট।

ভোটের আবহের মাঝেই ছায়া ফেলেছে অশান্তির খবর। গোপালগঞ্জের পর এবার মুন্সিগঞ্জে বোমাবাজির ঘটনায় সাময়িকভাবে ব্যাহত হয় ভোটগ্রহণ। সকাল ১০টা নাগাদ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ভোট। প্রিজাইডিং কর্মকর্তা মহম্মদ তিতুমীর জানান, আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ভোট আবার শুরু হয়। সদর থানার ওসি মমিন আলি বলেন, কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ Bangladesh: ভোটের ঠিক আগে বাংলাদেশে ফের নৃশং*স হত্যাকাণ্ড! হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হিন্দু যুবকের দেহ!

ভোট শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে গণনা। ফল প্রকাশের নির্ধারিত দিন ১৩ ফেব্রুয়ারি। তবে এই নির্বাচন শুধু আসন জয়ের হিসাব নয়—এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও স্থিতিশীলতার বড় পরীক্ষা। ইউনূসের কথায়, যদি সত্যিই “নতুন স্বপ্নের শুরু” হয়, তার উত্তর মিলবে ব্যালট বাক্স খুললেই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles