ফের বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠল। অভিযোগ আনা হয়েছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর আগে বেশ কয়েকবার এই ধরণের ঘটনার নজির সামনে এসেছে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৭টি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙা গ্রামে কালী মন্দিরে হামলা চালিয়ে এই প্রতিমাগুলি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পূজা উজ্জাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য বলেন, “প্রতিমা ও তার বাহন ভাঙচুর ছাড়াও প্রতিমার ভিতরে খড়েও আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া মন্দিরে থাকা ডালা, কুলো, কাঁসর – ঘণ্টাসহ পুজোর সমস্ত উপকরণ নিয়ে গিয়েছে তারা”।
আরও পড়ুন- আফগানিস্তান থেকে তালিবান এদেশে ঢোকার চেষ্টা করলে যোগ্য জবাব দেবে ভারত, স্পষ্ট জানাল সেনা
এই ঘটনায় বিনোদ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন রাতে মন্দিরের সামনে আগুন জ্বলতে দেখেই এক দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর জল দিয়ে আগুন নেভায় গ্রামবাসীরা।
স্থানীয় পুলিশ এই প্রতিমা ভাঙচুরের ঘটনা স্বীকার করে নিয়েছে। তারা তদন্ত শুরু করেছে বলে খবর। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আধিকারিকরা প্রমাণ সংগ্রহ করেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।






