ফের বিতর্কে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল। এর আগেও বহুবার নিজেকে বিতর্কে জড়িয়েছেন দুই বাংলায় পরিচিত এই সঙ্গীতশিল্পী। কলকাতায় গানের একটি রিয়েলিটি শোতে এসে জনপ্রিয়তা বেড়ে যায় নোবেলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তীব্র অপমান করলেন নোবেল। গত ২৯ জুলাই, তাঁর ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেন। যার জন্য দুই বাংলার মানুষদের তীব্র সমালোচনার মুখে তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,’রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!
যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’
বাংলাদেশের শিল্পী হিরো আলমের বিরুদ্ধে রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে তাঁকে। এই ঘটনার পরই কবিগুরুকে অপমান করলেন তিনি। নেটিজেনদের তীব্র কটাক্ষ সোশ্যাল মিডিয়া জুড়ে।





