আগের দিনও এভাবে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। আর আজও তেমনটাই ঘটল। জোকা ইএসআই (ESI) হাসপাতালে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বললেন যে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। সময় এলেই সব জানা যাবে। আবার হাসপাতাল থেকে বেরোনোর সময়ও ঠিক একই ভাবেই তিনি বললেন। “আমার নয়, আমার নয়, আমার নয়। কোনওদিন টাকা লেনদেন আমি করিনি”। তবে এদিন একেবারেই নীরব ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।
তাঁর দাবী, “আমার কোনও টাকা নেই”। ষড়যন্ত্র প্রসঙ্গে মুখ খুলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাবী করেন, “কে ষড়যন্ত্র করেছে। সময় আসলেই বুঝবেন”। শারীরিকভাবে তিনি খুব একটা ভালো নেই বলেও জানান পার্থ। হাসপাতাল থেকে বেরোনোর সময় নিজের দাবীতেই অনড় থেকে কোটি কোটি টাকা প্রসঙ্গে পার্থ বলেন, “আমার নয়, আমার নয়, আমার নয়। কোনওদিন টাকা লেনদেন আমি করিনি”।
তবে এদিন হাসপাতালে ঢোকার সময় বা বেরোনোর সময় কোনও কথা বলতে শোনা যায়নি পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকে। আগেরদিন হাসপাতালের ঢোকার সময় তিনি যেভাবে কান্নাকাটি করছিলেন, আজ তাঁকে তেমন কিছু করতে দেখা যায়নি। হেঁটেই জোকা ইএসআই হাসপাতালে ঢোকেন তিনি।
পার্থর এহেন দাবী যে ফের নতুন করে জল্পনা তৈরি করল, তা বলাই বাহুল্য। যদিও তাঁর এই দাবীতে আমল দিতে নারাজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এই বিষয়ে বলেন, “এখন আর এসব বলার সময় নয়। উনি কোনও অপরাধ যদি নাই করেন তাহলে গ্রেফতারের পর কেন কিছু বললেন না? তিনি তো ষড়যন্ত্রের কথা আগেই বলতে পারতেন এখন দল একটা সিদ্ধান্ত নিয়েছে। আর বলার কিছু নেই। আইনের মাধ্যমে সব কিছু প্রমাণ হবে”।
বলে রাখি, গত শুক্রবারও পার্থ ও অর্পিতার শারীরিক চিকিৎসার জন্য তাদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন হাসপাতালে ঢোকার সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। কোনওভাবে ইডির মহিলা আধিকারিকরা তাঁকে ধরে তুলে হুইল চেয়ারে করে হাসপাতালে ঢোকান। এদিনও পার্থবাবু বিস্ফোরক মন্তব্য করে বলেছিলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার। কারা ষড়যন্ত্র করেছে তা জানা যাবে বলেও দাবী করেন তিনি। আর আজও সেই একইভাবেই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়।





