বাংলাদেশ নিয়ে উত্তেজনার অন্ত নেই। একের পর এক খবর সামনে আসছেই ওপার বাংলা নিয়ে। আজ, সোমবারই দেশছাড়া হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তিনি। আর এদিনই মুক্তির নির্দেশ দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেন চোখের নিমেষে পাল্টাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে চলা কোটা বিরোধী আন্দোলনের জেরে কার্যত জ্বলছিল ওপার বাংলা। গত শনিবার থেকেই শেখ হাসিনার পদত্যাগের দাবী তোলে আন্দোলনকারীরা। আজ, সোমবার শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সেনা প্রধানের তরফে। মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইস্তফা দিয়ে ভারতে আসেন হাসিনা। আপাতত নয়াদিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি।
এরই মধ্যে বাংলাদেশ থেকে এল আরও এক বড় খবর। জেলবন্দি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিন। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশে সমস্ত বন্দি আন্দোলনকারী ও খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। আগামীকাল, মঙ্গলবারই তাঁকে মুক্তি দেওয়া হতে পারে বলে খবর।
আজ, সোমবার রাতেই রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবন থেকে এক প্রেস বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে খালেদা জিয়াকে মুক্তির দেওয়ার জন্য। দুর্নীতি-সহ নানান অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। গত মার্চ মাসেই আওয়ামি লিগের তরফে তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে এবার হাসিনা সরকারের পতনের পর খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর এবার বাংলাদেশে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বলে জানিয়েছেন সেনা প্রধান।





