‘বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদের রক্ষা করুন…’, সোমবার সেই বার্তাই দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। নিজের সমাজমাধ্যমে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঐক্যর বার্তা দেন শিক্ষক। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের হয়ে বার বার পথে নেমেছেন ড. আসিফ নজরুল।
শুরুর দিন থেকে আন্দোলন নিয়ে সরব তিনি। সরব সড়ক থেকে সমাজমাধ্যমেও। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, চলমান আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে প্রায়ই সংখ্যালঘুদের আক্রান্ত করে লাভবান হওয়ার চেষ্টা করেছে এক পক্ষ। বর্তমান পরিস্থিতি বিচার করে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্তক করেছেন তাঁদের প্ৰিয় শিক্ষক।
ড. আসিফ নজরুল আরও লিখছেন, ‘কোনও হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। তাদের বুক দিয়ে রক্ষা করুন। কোনো ফাঁদে পা দেবেন না।’ ইতিপূর্বে, গত সপ্তাহের শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। মিছিল শেষে সমাজমাধ্যমে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছিলেন তিনি।
প্রকাশ্যে একটি স্টোরিতে লেখেন, “অনেক দিন পর একটা টগবগে মিছিলে হাঁটলাম। সামনের সারিতে হাতের ভেতর হাত ঢুকিয়ে শেকলের মতো করে এগিয়ে চলেছিল, আমাদের জেনারেশন জি-এর আগুন সন্তানরা। আমাকে বলল, ”আমাদের ভেতর চলে আসুন স্যার।”
বর্তমানে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে বোন রেহানার সঙ্গে দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি ভারতে রয়েছে। কিছুক্ষণ ভারতে কাটানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রীর গন্তব্য লন্ডন, ইংল্যান্ড।





