বাংলাদেশ উত্তপ্ত। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ওপার বাংলায় এখন যেন উল্লাসের মেজাজ। এরই মধ্যে সামনে আসছে হিন্দুদের উপর নানান নির্যাতনের ঘটনা। বাংলাদেশের দখল নিয়েছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার গঠন হবে। এহেন পরিস্থিতিতে এবার রাজ্যের মানুষদের উদ্দেশে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওপার বাংলার রেশ পড়েছে এপার বাংলাতেও। কলকাতার রাস্তায় দেখা গিয়েছে উল্লাসের ছবি। হাসিনার পদত্যাগে খুশিতে মেতেছেন শহরে বসবাসকারী বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে এবার শান্ত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অনুরোধ করে বলেন, “আপানারা শান্ত থাকুন। কোনও সাম্প্রদায়িকতামূলক আচরণ করবেন না। আইন হাতে তুলে নেবেন না। ভারত সরকার যে ভাবে বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব”।
মমতার কথায়, “সব রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করছি, দয়া করে করে এমন কোনও কিছু পোস্ট করবেন না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলব এটা দেশের উপর ছেড়ে দিন। আপনারা এমন কোনও কমেন্ট করবেন না যাতে হিংসা ছড়াতে পারে। সকলেই আমাদের ভাইবোন”।
এদিন মুখ্যমন্ত্রী এও বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিঘ্ন। কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্ট করবেন না বা বলবেন না যাতে বাংলার শান্তি বিনষ্ট হতে পারে”। এরপরই বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন। আমি আমাদের নেতাদেরও বলব কেউ কোনও পোস্টে যাবেন না”।
মমতা বলেন, “নেতাদের সঙ্গে জনগণকেও বলব শান্তি রক্ষা করুন। ভারতও একটা দেশ। বাংলাদেশও একটা রাষ্ট্র। আমার প্রতিবেশীর যদি কিছু হয় তাঁর একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে পরিস্থিতি দেখে রাখতে হবে”। বলে রাখি, দলীয় স্তরেও নেতৃত্বদের বার্তা দিয়ে শান্ত থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও উত্তেজনায় যাতে কেউ পা না দেন, সেই বার্তাই দেওয়া হয়েছে।





