Egg Thrown at Bangladeshi NCP Leader in US: রাষ্ট্রসংঘ সফরে গিয়ে বিতর্কে ইউনুস, নিউইয়র্ক বিমানবন্দরে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার!

বিদেশের মাটিতে গিয়েও শান্তি পেলেন না বাংলাদেশের রাজনীতিবিদরা। রাষ্ট্রসংঘের সাধারণ সভার সময় নিউইয়র্কের রাস্তায় দেখা গেল ভিন্ন ছবি। একদিকে সরকারি-বিরোধী দলের নেতাদের উপস্থিতি, অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ—সব মিলিয়ে মুহূর্তে গরম হয়ে ওঠে পরিস্থিতি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে পৌঁছেছেন নিউইয়র্কে। তাঁর সঙ্গেই সফরসঙ্গী হিসেবে ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ২২ সেপ্টেম্বর এমিরেটসের উড়ানে তাঁদের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই ঘটে অস্বস্তিকর ঘটনা। দুপুর দেড়টার দিকে ৮ নম্বর টার্মিনালের বাইরে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

ঘটনার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ও বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তাঁদের ঘিরে স্লোগান দিতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। অভিযোগ উঠেছে, ডিম ছোড়ার ঘটনাটি ঘটান যুবলীগের সঙ্গে যুক্ত মিজানুর রহমান, যাকে পরে পুলিশ আটক করে। এদিকে তাসনিম জারাকেও ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়তে হয়। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশিদের একাংশের তীব্র অসন্তোষ প্রকট হয়ে ওঠে বিমানবন্দরে।

পরে হোটেলে এক সাংবাদিক বৈঠকে আখতার হোসেন অভিযোগ করেন, “আওয়ামি লিগ সমর্থকরাই এই হামলার নেপথ্যে।” তিনি জড়িতদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। অপরদিকে বিএনপি মহাসচিব ফখরুল ফেসবুক পোস্টে লিখেছেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগের নেতাদের অন্যায়ের জন্য কোনো অনুশোচনা নেই।” ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে বলা হয়, “আওয়ামি লিগ নামক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”

আরও পড়ুনঃ India – pakistan : ‘আমাদের ভূখণ্ডের প্রতি লোভ না করে দখলকৃত জমি ছাড়ুক’—রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের!

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এই ঘটনার তীব্র সমালোচনা করে লেখেন, “যাঁরা এই জানোয়ারদের আশ্রয় দেন, সাবধান হোন।” দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও মন্তব্য করেন, “হাসিনার পুলিশ লিগ আখতারকে দমন করতে পারেনি, বিদেশে কেউ পারবেও না।” সব মিলিয়ে নিউইয়র্কে বাংলাদেশের রাজনীতির আঁচ স্পষ্ট হয়ে গেল। বিদেশের মাটিতেও যে দলীয় দ্বন্দ্ব ও বিরোধী নেতাদের প্রতি ক্ষোভ জিইয়ে আছে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles