মানুষ বাঁচুক আগে! করোনা রোগীদের জন্য আমিষ রান্না করে ১০৪ বছরের ধর্মীয় অনুশাসন ভাঙল ভারত সেবাশ্রম সঙ্ঘ

ভারতবর্ষের বর্তমান করোনা পরিস্থিতি ভয়াল। হাসপাতালে শয্যা অমিল, হাহাকার অক্সিজেন,  প্রতিষেধক, ওষুধের জন্য। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। প্রতিদিন মৃত্যুর সংখ্যা পেরোচ্ছে চার হাজারের গণ্ডি।

এই অবস্থায় করোনাকে ব্যর্থ করতে যে যাঁর মতো করে নেমেছেন লড়াইতে। মানুষকে বাঁচাতে কোথাও কোথাও আলগা হয়ে যাচ্ছে কড়া করে বাঁধা ধর্মীয় অনুশাসনের দড়ি। মহামারীর দিনে মানবসেবায় ঝাঁপিয়ে পড়ছেন গেরুয়াবসন পরিহিত সন্ন্যাসীরাও। আর সেখানেই কার্যত ধর্মের ঊর্ধ্বে মানবতার নজির গড়ল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সেখানকার সন্ন্যাসীরা নিজেদের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়লেন মানব সেবায়।

আর তা করতেই ১০৪ বছরের নিয়ম বদলালো ভারত সেবাশ্রম । করোনা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রয়োজন। আর সেই জন্য তাঁদের পাতে মাছ-মাংস-ডিম রাখা হচ্ছে।

প্রতিষ্ঠানের ইতিহাসে এই প্রথমবার আমিষ পদ রান্না হচ্ছে।

শুধুমাত্র করোনা রোগীদের জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘের এই নিয়ম। কোনও দিন‌ই এই সর্বভারতীয় প্রতিষ্ঠানের কোনও শাখাতেই ঢোকেনি আমিষ পদ।

আর আজ মানব সেবার জন্য আশ্রমেই তৈরি হচ্ছে ডিম সেদ্ধ, মাংসের ঝোল। সঙ্ঘের তরফে জানানো হয়েছে এই আয়োজন শুধুমাত্রই করোনা রোগীদের জন্য।

ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে খবর, কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া শাখায় কোভিড হাসপাতাল খোলা হয়েছে। সেখানে ভর্তি হওয়া করোনা রোগীদের জন্য মূলত আমিষ খাবার হলে ভালো হয়। আর তাই পর্যাপ্ত প্রোটিনের জোগান দিতেই আমিষ রান্না করা হয়েছে।

ইতিমধ্যেই চিকিৎসকরা ভারত সেবাশ্রম সঙ্ঘের এই উদ্যোগের উচ্চ প্রশংসা করেছেন। বাসিন্দাদের মতে, চিরকালই আর্তের সেবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারত সেবাশ্রম সংঘ। প্রাকৃতিক দুর্যোগে মানুষ যখন বিপন্ন তখনও সেই মানুষের পাশে দেখা যায় ভারত সেবাশ্রম সঙ্ঘকে। আর এবার নিজেদের ধর্মীয় অনুশাসনের বেড়াজালকেই ডিঙিয়ে গেল এই প্রতিষ্ঠান।  

RELATED Articles