২০২১-এর মধ্যে করোনা বিদায় নেবে বহু দেশ থেকে, আশা বিল গেটসের

এখন বিশ্বজুড়ে করোনা ভাইরাস মরণ তান্ডব করে বেড়াচ্ছে। মানুষের মনেও এখন করোনার আতঙ্কই বাসা বেধে রয়েছে। এমন সময় মানুষের মনে কিছুটা আশা জাগাতে এগিয়ে এলেন বিগ গেটস। বিল গেটসের বক্তব্য, ২০২১ সালের মধ্যে অনেক দেশ থেকেই বিদায় নেবে এই মারণ ভাইরাস এবং ২০২২-এর মধ্যেই সম্ভবত গোটা বিশ্ব থেকেই বিদায় নেবে করোনা।

যেভাবে দিন দিন করোনার দাপট বাড়ছে সেভাবেই দিন দিন ভ্যাকসিনের প্রয়োজনীয়তাও বেড়েই চলেছে। সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা এখন উঠে পড়ে লেগেছেন করোনার টিকা আবিস্কারের জন্য। যদি ২০২১ সালের মধ্যে ভারত-সহ সমস্ত উন্নয়নশীল দেশে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়া যায়, তবে করোনা দূরীকরণ সম্ভব হবে।

বিল গেটসের বক্তব্য, আগামী বছরের মধ্যে যদি সমস্ত দেশ বিশেষ করে ধনী দেশগুলির হাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় তবে অনেকাংশে এই মহামারীর কবল থেকে রক্ষা পাওয়া যাবে। তবে করোনার জেরে গোটা বিশ্ব যে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তা দূর করতে বেশ কিছুদিন সময় লাগবেই। এ ক্ষতি একদিনে পূরণ হওয়ার নয়।

প্রসঙ্গত, বিগ গেটসের সংস্থা বিল অ্যান্ড মেলিন্দা গেটস এবং গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স (GAVI)ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার হাতে ১০ কোটি করোনার টিকা নির্মাণে ১৫ কোটি ডলার তুলে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজনীয় হল ভ্যাকসিন আর এই ভ্যাকসিন তৈরি বা সরবরাহের সময় যেন কোনোভাবে আর্থিক দিক থেকে সমস্যা না হয়। তাই তাঁর সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর