সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে শোরগোল হয়। তবে সাম্প্রতিক এক বিতর্ক ঘিরে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে দুই দেশের সংস্কৃতির সংঘাতে। ওহায়োর সলিসিটর জেনারেল পদে নিয়োগ পেয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক—মথুরা শ্রীধরন। কিন্তু তাঁর যোগ্যতা নয়, নজরে এসেছে তাঁর কপালের টিপ। এই এক বিন্দু টিপ নিয়েই শুরু হয়েছে চরম বিদ্রুপ ও ট্রোলিং। প্রশ্ন উঠেছে—এই ঘটনাগুলো কি নিছক কৌতুক, না কি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর ভারত বিদ্বেষ?
মথুরার কপালে ঐতিহ্যবাহী বিন্দি বা টিপ দেখে একাধিক মার্কিন নেটিজ়েনরা মন্তব্য করতে শুরু করেন, অনেকেই কটাক্ষ করেন তাঁর ‘অদ্ভুত সাজ’ নিয়ে। কেউ কেউ প্রশ্ন তোলেন—এক জন আমেরিকান সরকারি আধিকারিক কেন এমন এক অঙ্গসজ্জা বেছে নিচ্ছেন? তবে ভারতীয় নেটিজ়েনদের একাংশ এর প্রতিবাদ করে লেখেন, টিপ শুধুমাত্র একটি সাজ নয়, বরং তা একটি সংস্কৃতির প্রতীক। এ তো নতুন কিছু নয়—এর আগেও ভারতীয় খাবার বা পোশাক নিয়ে এমন বিদ্রূপের মুখে পড়েছেন প্রবাসী ভারতীয়রা।
জানা গিয়েছে, ওহায়োর অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়োস্ট তাঁকে সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত করেছেন। এই পদে থেকে মথুরা মার্কিন সুপ্রিম কোর্ট সহ স্টেট এবং ফেডারেল আপিল কোর্টে সরকারের হয়ে মামলা লড়বেন। এর আগে তিনি ছিলেন ওহায়ো’র ডেপুটি সলিসিটর জেনারেল। আইনের প্রতি তাঁর দখল এবং অভিজ্ঞতা যথেষ্ট উল্লেখযোগ্য হলেও, বিতর্ক ঘুরপাক খাচ্ছে শুধুই কপালের একটি টিপ ঘিরে।
মথুরা একজন মেধাবী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এমআইটি-তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইকনমিক্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করেন তিনি। ২০১৮ সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেন। কাজ করেছেন একাধিক নামী বিচারকের অধীনে। পাশাপাশি তিনি দক্ষ কন্নড় সঙ্গীতশিল্পীও। চেন্নাইয়েও সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ২০১৫ সালে তিনি বিয়ে করেন অশ্বিন সুরেশকে।
এর আগেও একাধিক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান রাজনীতিবিদ বা প্রশাসনিক কর্তার বিরুদ্ধে এমন আক্রমণ এসেছে। জোহরান মামদানিকে ট্রোল করা হয়েছিল হাত দিয়ে খাবার খাওয়ার কারণে। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে—যুক্তরাষ্ট্রে কি বাড়ছে ভারতীয় সংস্কৃতি বিরোধী মনোভাব? নাকি এখনো প্রবাসে পরিচিত নয় ভারতের বহু চর্চিত ঐতিহ্য? উত্তর যেমন কঠিন, তেমনই চিন্তারও। তবু এই বিতর্কে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—টিপ কি আজও কিছু মানুষের চোখে শুধুই এক ফ্যাশন, না কি সংস্কৃতি বহনের এক শক্তিশালী প্রতীক?