ফের বোমা বিস্ফোরণ রাজ্যে, পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরণের জেরে গুরুতর আহত ৫ শিশু, উত্তেজনা মুর্শিদাবাদে

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল রাজ্যে। এই বোমা বিস্ফোরণের জেরে গুরুতর আহত ৫ শিশু। জানা গিয়েছে, এদের প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। মাঠে পড়েছিল বোমাগুলি। সেগুলিকে বল ভেবে খেলতে যায় ওই শিশুরা। তখনই বোমা ফেটে মারাত্মক জখম হয় তারা। বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদের জঙ্গিপুরে। জানা গিয়েছে, ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় পড়েছিল এই বোমাগুলি। এর বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দাউদ শেখ (১০), আরিয়ান শেখ (৮সুভান শেখ (১১), ), আসাদুল শেখ (৭), ইমরান শেখ (৯)। জখম আসাদুলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আহত শিশুদের সকলেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে খবর। কাছের আম বাগানে বল খেলতে গিয়েছিল তারা। সেই সময়ই বোমা ফেটে সকলে জখম হয়। তাদের চিৎকার শুনে ছুটে আসেন তাদের পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে সকলকে নিয়ে যাওয়া হয় বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

এভাবে যেখানে সেখানে বোমা পড়ে থাকার ঘটনায় ওই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা মাঠে ওভাবে বোমা ফেলে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

RELATED Articles