রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আসতে চলেছে প্রায় ১৬০০ কো-অপারেটিভ ব্যাঙ্ক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, “দেশের ১,৪৮২ টি আরবান এবং ৫৮ টি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তদারকি ক্ষমতার অধীনে আনা হচ্ছে। শিডিউলড ব্যাঙ্কে যেমন আরবিআইয়ের ক্ষমতা থাকে, কো-অপারেটিভ ব্যাঙ্কেও সেই একই ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাঙ্কের।”
এই সংক্রান্ত একটি অধ্যাদেশও ইতিমধ্যে জারি করা হয়েছে। এবার অনুমোদনের জন্য সেটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে এই সিদ্ধান্তের ফলে প্রায় ৯ কোটি আমানতকারী লাভবান হবেন। ওই ব্যাঙ্কগুলিতে জমা থাকা প্রায় ৪.৮৪ লাখ কোটি টাকা সুরক্ষিত থাকবে।
প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে আর বি আই এর আওতায় আনা হবে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টে পরিবর্তনের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।
বুধবার সেই প্রক্রিয়ায় প্রথম ধাপ সম্পন্ন হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর কিছুদিনের মধ্যেই কো-অপারেটিভ ব্যাঙ্কের আমানতকারীরা এই সিদ্ধান্তে সুফল ভোগ করতে চলেছেন।





