আজ সর্বদলীয় বৈঠকের পর রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সর্বদল বৈঠকে সবার পরামর্শ নিয়েই একথা ঘোষণা করলেন তিনি। তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে ৩১শে জুলাই অবধি কোনো লোকাল ট্রেন বা মেট্রো পরিষেবা চালু করা হবে না।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ৩০শে জুন পর্যন্ত লকডাউন চলছেই। এবার সেই মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই করা হলো। অর্থাৎ জুলাই মাস অবধি যাবতীয় ছাড়সহ সহ লকডাউন অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ৩১শে জুলাই পর্যন্ত লোকাল ট্রেন বা মেট্রো চালানোর কোনও পরিকল্পনা নেই রাজ্যের। রাজ্যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন চললেও সামাজিক দূরত্ববিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের বাকি ৩টি পরীক্ষা নেওয়া হবে। তবে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই মুহূর্তে পঠনপাঠন শুরু হবে না। এমনকি কোনও পরীক্ষাও নেওয়া হবে না।
আজকের সর্বদলীয় বৈঠকে লকডাউন নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মন্তব্য রাখেন বলে জানিয়েছেন তিনি। সবার মন্তব্য বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন মমতা।
প্রসঙ্গত, গত ৮ই জুন থেকে রাজ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস কাছারি খুলে গেছে। তবে লোকাল ট্রেন এবং মেট্রো না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। তার ওপর ভাড়া না বাড়ায় রাস্তায় সব বাস নামাতে রাজি হচ্ছেন না বাস কর্তৃপক্ষ। ফলে কয়েক ঘণ্টার যানজট কাটিয়ে বাড়তি খরচ করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাঁদের। এ জন্য দ্রুত লোকাল ট্রেন চালুর দাবি তোলেন নিত্যযাত্রীরা। তবে সেই দাবিকে গুরুত্ব দিল না রাজ্য সরকার।





