‘ভুতুড়ে’ নয়! গ্রাহকদের স্বার্থে ব্যাঙ্ক থেকেই টাকা পাঠানো হয়েছিল অ্যাকাউন্টে, জানালো বন্ধন

অভিযোগ উঠেছিল যে হঠাৎই গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা জমা পড়ে, আবার কিছুক্ষণ পর সেই টাকা কেটেও নেওয়া হয়। এমন ‘ভুতুড়ে’ ঘটনার খবর মেলে রিষড়ার বন্ধন ব্যাঙ্কের শাখায়। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে, কোনও ‘ভুতুড়ে’ কাণ্ড নয় বা ভুল করেও কোনও অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। বরং, বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের স্বার্থেই সেই টাকা জমা পড়ে গ্রাহকদের অ্যাকাউন্টে।

বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় যে, “ক্ষুদ্র ঋণ গ্রাহকদের ব্যবসায় সাহায্য করার জন্যে বন্ধন ব্যাঙ্ক সরকারের নির্দেশানুযায়ী, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কীম-এর অন্তর্গত সুবিধাটি গ্রাহকদের অ্যাকাউন্টে দিয়েছে।” বন্ধনের এই জিইসিএল স্কিমের সুবিধা হল যে ৪ বছর ধরে এই টাকা ধার-এ পাবেন গ্রাহকেরা। প্রথম ১২ মাস দিতে হবে শুধু সুদ। এরপরের ৩ বছর বাকী টাকা ফেরত দিতে হবে। এই টাকার উপর সুদের হারও বেশ কম, মাত্র ৯.২৫%।

ব্যাঙ্কের তরফ থেকে আরও জানানো হয় যে, সংশ্লিষ্ট বিষয়ে জানানোর জন্য একটি করে মেসেজ পাঠানো হয়েছিল গ্রাহকদের। এই মেসেজেই ছিল উক্ত সুবিধা নেওয়া বা না নেওয়ার অপশন। যেসমস্ত গ্রাহকেরা এই সুবিধা নিতে চেয়েছেন, তাদের অ্যাকাউন্টেই এই জিইসিএল স্কিমের টাকা পাঠানো হয়েছে।

এই টাকা পাঠানো ও আবার তা পরে কেটে নেওয়ার বিষয়ে বিস্তর জলঘোলা হয় রিষড়ার বন্ধন ব্যাঙ্কের শাখায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের উপর দুর্ব্যবহারের অভিযোগও আনেন গ্রাহকেরা। কিন্তু বিষয়টি বুঝতে খানিক সময় চেয়ে নেয় ব্যাঙ্ক। সবদিক খতিয়ে দেখে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় যে গ্রাহকেরা কিছু জিনিস বুঝতে ভুল করায় এই ভুল বোঝাবুঝি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

RELATED Articles