ঝাঁপ পড়তে চলেছে স্বপ্ন নগরী মুম্বইয়ের অন্যতম ফাইভ স্টার হোটেল হায়াত রিজেন্সি’র! তবে সম্পূর্ণভাবে বন্ধ না হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই লাক্সারি হোটেলটি।
উক্ত হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় কর্মীদের বেতন দেওয়ার মতো অবস্থায় নেই কর্তৃপক্ষ। আর সেই কারণেই একপ্রকার বন্ধ করতে হচ্ছে এই হোটেল।
একটি ছোটো বিবৃতি জারি করে হোটেলের জেনারেল ম্যানেজার হরদীপ মারওয়া জানিয়েছেন, হোটেলের খরচ চালানোর জন্য উপযুক্ত টাকা পাঠাচ্ছে না পেরেন্ট ফার্ম। মুম্বাই বিমানবন্দরের কাছে অবস্থিত এই হোটেলটি এশিয়ান হোটেল লিমিটেডের আওতাভুক্ত।
এই হোটেলের ম্যানেজার জানিয়েছেন বর্তমানে মুম্বাই হায়াতে কর্মরত সমস্ত অন-রোল স্টাফকে জানিয়ে দেওয়া হবে যে হায়াত রিজেন্সি মুম্বাইয়ের মালিক এশিয়ান হোটেলস (ওয়েস্ট) লিমিটেড থেকে কোনও তহবিল আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। আর তাই তাঁরাও বেতন দিতে পারছে না হোটেলের কর্মচারীদের। যতদিন না পর্যন্ত অর্থ আসছে বা নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে হায়াত রিজেন্সি মুম্বাই।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারীর জেরে আজ দেড় বছর যাবৎ পর্যটনের মতো হোটেল ব্যবসাতেও নেমে এসেছে অন্ধকার সময়। পর্যটন একপ্রকার বন্ধ হয়ে যাওয়ায় তার ব্যাপক প্রভাব পড়েছে হোটেল ইন্ডাস্ট্রির ওপর। দেখা দিয়েছে বিশাল অর্থনৈতিক মন্দা। ধীরে ধীরে একটু একটু পরে ফের পুরনো অবস্থায় ফেরার চেষ্টা শুরু হলেও করোনারি দ্বিতীয় ধাক্কায় ফের ত্রস্ত ভারতীয় জনজীবন। এই অবস্থা কবে কাটিয়ে উঠতে পারবে ভারত তা সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে হায়াত রিজেন্সি বন্ধ হয়ে গেলে যে কর্মহীন হয়ে পড়বেন বহু মানুষ তা বলার অপেক্ষা রাখে না।





