আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে আজ থেকে চালু হল নতুন একটা সুবিধা। এবার থেকে বাড়িতে বসেই যে কোনো গ্রাহক ‘কে ওয়াই সি’ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
ব্যাঙ্কের সঙ্গে কোনও নতুন গ্রাহক যদি সম্পর্ক গড়ে তুলতে চান তবে সবার আগে ‘কে ওয়াই সি’ প্রক্রিয়াটি সম্পন্ন করার দরকার পড়ে। এই প্রক্রিয়াটি তাদের এবার ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। যাঁরা নতুন সেভিংস অ্যাকাউন্ট কিংবা স্যালারি অ্যাকাউন্ট খুলতে চান, অথবা পার্সোনাল লোন নিতে চান, তারা সবাই শুরুতে এই সুযোগ পাবেন। এমনিতেই ‘অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড’ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। যাঁরা এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তাঁরাও এই নতুন সুযোগ পাবেন। এছাড়া ব্যাঙ্ক খুব শীঘ্রই অন্যান্য ধরনের ক্রেডিট কার্ড, হোম লোন এবং অন্যান্য খুচরো পণ্যের ক্ষেত্রেও ‘ভিডিও কেওয়াইসি’ চালু করতে চলেছে।
নতুন স্যালারি অ্যাকউন্ট বা পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কিং ক্ষেত্রে ভিডিও কেওয়াইসি সর্বপ্রথম চালু করল আইসিআইসিআই ব্যাঙ্ক। এতে মাত্র কয়েক মিনিটের মধ্যে ডিজিটাল প্রক্রিয়ায় কেওয়াইসি শেষ করা যাবে। তাঁর জন্য গ্রাহককে ব্যাঙ্কের শাখায় গিয়ে বা বাড়িতে সশরীরের ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে আর দেখা করতে হবে না। বিশেষত বর্তমান করোনা মোকাবিলায় এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিজিটাল প্রক্রিয়া এবং সমস্যার সমাধান করতে গ্রাহকদের নিত্য নতুন সুবিধা দেওয়ায় সমৃদ্ধ এক ঐতিহ্যশালী নাম আইসিআইসিআই ব্যাঙ্ক। কেওয়াইসির এই নতুন নিয়ম আইসিআইসিআই ব্যাঙ্ক চালু করেছে আরবিআইয়ের নতুন নির্দেশিকার ভিত্তিতে।
নতুন এই সুবিধা চালু করা প্রসঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর অনুপ বাগচি বলেন, “ভিডিওর মাধ্যমে কেওয়াইসি খতিয়ে দেখার সুযোগ সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। এতে গ্রাহকদের কাছে গোটা প্রক্রিয়াটি জিডিটাল, নির্ঝঞ্ঝাট এবং দ্রুত হয়ে যায়। এখনকার পরিস্থিতিতে করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন ডিজিটাল প্রক্রিয়ায় সব কাজ সেরে ফেলতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাঙ্কের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপুর্ণ। ডিজিটাল ডিভাইস, প্যান কার্ড, একটা পেন আর একটা কাগজ ব্যাস, এই দিয়েই বাড়ি থেকে কয়েক মিনিটের মধ্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন একজন গ্রাহক। অ্যাকাউন্ট খোলা, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড পেতে আমরা যে ‘ভিডিও কেওয়াইসি’-র ব্যবস্থা করেছি, তাতে পুরো বিষয়টি গ্রাহকদের কাছে নিরাপদ হবে। এই প্রক্রিয়ায় নতুন গ্রাহকের সেভিংস/স্যালারি অ্যকাউন্ট কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি চালু হয়ে যাবে। আমারা মনে করি ‘ভিডিও কেওয়াইসি’ ব্যবস্থায় সরাসরি সংস্পর্শ ছাড়াই ব্যাঙ্ক ও গ্রাহকদের মধ্যে একটা নিরাপদ সম্পর্ক গড়ে উঠবে।’’
যখন একজন নতুন গ্রাহক অনলাইনে ‘ইনস্টা সেভিংস’ অ্যাকাউন্ট খুলবেন, তখন তিনি ‘ভিডিও কেওয়াইসি’র সুযোগ পাবেন। ‘অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড’-এর আবেদনেও মিলবে একই সুবিধা। এছাড়া অন্য ধরনের সেভিংস অ্যাকাউন্ট যেমন দ্য ওয়ান, গোল্ড প্রিভিলেজ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট ও পার্সোনাল লোনেও ‘ভিডিও কেওয়াইসি’র সুযোগ পাওয়া যাবে। এই সুযোগ কাজে লাগাতে গেলে ব্যাঙ্কের যেকোনও শাখার কর্মকর্তা কিংবা রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। ভিডিও কেওয়াইসি প্রক্রিয়া চলার সময়, সম্ভাব্য গ্রাহকের কেওয়াইসি সংক্রান্ত নথি ও স্বাক্ষর ব্যাঙ্কের কোনও অফিসার ভিডিও কলে রেকর্ড করবেন, ফলে গ্রাহককে সশরীরে আর ব্রাঞ্চে আসতে হবেনা। এই প্রক্রিয়ায় গ্রাহকেরও সময় বাঁচবে।
ভিডিও কেওয়াইসি সম্পন্ন হলেই নতুন গ্রাহক সেভিংস/ স্যালারি অ্যাকাউন্টটি পুরোপুরি চালু হয়ে যাবে। তাতে ব্যালান্স বা ডিপোজিটের ওপর কোনও বিধিনিষেধ থাকবে না। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে কয়েক ঘণ্টা। তবে পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডের গ্রাহকদের আবেদনের ক্ষেত্রে আরও কিছু সময় লাগবে।





