ফের দেশের ধনীতম প্রথম ১০০ ব্যক্তির তালিকার শীর্ষে মুকেশ আম্বানি, ১৩ বছরের টানা রেকর্ড

সম্প্রতি ভারতের ধনীতম ১০০ ব্যক্তি ও পরিবারের তালিকা প্রকাশ করা হয়েছে ফোর্বস-এর তরফ থেকে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও সেই তালিকার সর্বশীর্ষে রয়েছন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। এই নিয়ে টানা ১৩ বছর নিজের জায়গা ধরে রাখতে সক্ষম তিনি। তকমা পেলেন ভারতের ধনীতম ব্যক্তির।

বর্তমানে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার। ফোর্বস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, লকডাউনের জেরে আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুখ থুবড়ে পড়লেও, তাদের জিও প্ল্যাটফর্ম থেকে ২০ বিলিয়ন ডলারেরও বেশী লাভের মুখ দেখেছে আম্বানি গ্রুপ। এ বছর তাঁর সম্পত্তির বৃদ্ধির পরিমাণ ৭৩ শতাংশ। মুকেশ আম্বানি তাঁর সম্পত্তিতে ৩৭.৩ বিলিয়ন ডলার যুক্ত করেছেন।

অন্যদিকে, মুকেশ আম্বানির পরেই এই তালিকায় রয়েছেন আদানি গোষ্ঠীর গৌতম আদানি। গুজরাতের এই শিল্পপতির সম্পত্তির পরিমাণ ২৫ মিলিয়ন ডলার। এ বছর তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৬১ শতাংশ। করোনা আবহেই মুম্বই বিমানবন্দরের ৭৪ শতাংশ শেয়ারের অধিপতি হয়েছেন গৌতম আদানি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএলের কর্তা শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ২০.৪ বিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন ডি’মার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষাণ দামানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫.৪ বিলিয়ন ডলার। পঞ্চম স্থান অধিকার করা হিন্দুজা ব্রাদার্সদের মোট সম্পত্তির পরিমাণ ১২.৪ বিলিয়ন ডলার। প্রথম দশ ধনীর তালিকায় ষষ্ঠস্থানে উঠে এসেছেন সাইরাস পুনাওয়ালা। তাঁর সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতে কোভিড ভ্যাকসিন প্রস্তুত করছে। তাঁর সম্পত্তির পরিমাণ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে এসে দাঁড়িয়েছে ১১.৫ ডলারে। এছাড়াও এই তালিকায় রয়েছেন ভারতী এয়ারটেলের সুনীল মিত্তল ও তাঁর পরিবার। এবছর তাদের সম্পত্তির পরিমাণ ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০.২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, এই করোনা পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়েছে। ঘাটতি পড়েছে রাজকোষে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দেশের প্রথম ১০০ ধনীর অর্ধেকের বেশী এই পরিস্থিতিতেও আরও বেশী ধনী হয়ে উঠেছেন।

আরও অন্যান্য খবর