তাকে অনেকেই ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামচা বলে থাকেন। যদিও তাতে খুব একটা ফারাক পড়ে না বিজনেস টাইকুন মুকেশ আম্বানির। এর আগে তিনি ঘুরিয়ে-ফিরিয়ে অনেকবারই মোদীজীর প্রশংসা করেছেন কিন্তু এবার তিনি খোলাখুলিভাবেই বিশদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন যা দেশজুড়ে তোলপাড় ফেলেছে।
রিলায়েন্স গ্রুপের কর্ণধার অর্থনীতির হাল ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যে যে পদক্ষেপ নিয়েছেন সেগুলির প্রশংসা করেছেন। তিনি মনে করেন যে অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে এই দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপগুলির জন্য।
শনিবার গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মুকেশ আম্বানি প্রধান অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই তিনি বলেন যে ভারত বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এরপরই তিনি নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়ে তোলার পরিকল্পনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন এবং বলেন যে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকার সময় থেকেই নরেন্দ্র মোদী এই প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন। বিভিন্ন উদ্ভাবনী গবেষণা আজ ভারতে হচ্ছে শুধুমাত্র ভারত আত্মনির্ভর হয়ে উঠেছে বলেই। আম্বানির মতে, “মোদির আবেগআপ্লুত এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের জন্যই আজ গোটা বিশ্ব ভারতের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী গোটা দেশকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন।”
পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে মাত্র ১৪বছর অথচ এর মধ্যেই র্যাঙ্কিংয়ে ভারতের প্রথম ২৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর প্রশংসা করে মুকেশ আম্বানি বলেছেন যে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে এমন গবেষক চান যারা ভারতের অর্থনীতিতে গতি সঞ্চার করতে যেকোনো রকম শক্তি উৎপাদন করতে পারেন। তিনি চান এই ভাবী গবেষকদের হাত ধরে ভারত একটি সুপার পাওয়ারে পরিণত হোক।





