বয়স কেবল সংখ্যামাত্র! ১০৪ বছর বয়সে ১৩ হাজার ফুট থেকে ঝাঁপ, স্কাইডাইভিংয়ে নয়া রেকর্ড গড়লেন শতাধিক ‘তরুণী’

ইচ্ছেশক্তিটাই সব। বয়স শুধুমাত্র যে একটা সংখ্যা, একথা ফের প্রমাণ করলেন ১০৪ বছরের এক বৃদ্ধা। ১৩ হাজার ফুট উচ্চতায় থাকা বিমান থেকে মাঝ আকাশে ঝাঁপ দিলেন তিনি। মাটিতে অবতরণের সময় বৃদ্ধার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি।

সবথেকে বেশি বয়সী স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়লেন আমেরিকার বাসিন্দা ডরোথি। সকলেই কুর্ণিশ জানিয়েছেন ১০৪ বছর বয়সী এই ‘তরুণী’কে। তাঁর সেই স্কাইডাইভিংয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কী দেখা যাচ্ছে ভিডিওতে?

ভিডিওতে দেখা গিয়েছে, বেশ সাহসের সঙ্গেই মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দিলেন ডরোথি। তাঁর সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। এই গোটা প্রক্রিয়ায় কোনওভাবেই ভয় পেতে বা সন্ত্রস্ত অবস্থায় দেখা যায়নি ডরোথিকে।

এই ভিডিওটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর ডরোথিকে দেখে উল্লাসে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর কেমন লাগল এই অভিজ্ঞতা? সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট উত্তর দিয়ে তিনি বলেন, “ভালো”।

১০৪ বছর বৃদ্ধার এমন স্কাইডাইভের ভিডিও দেখে বেশ চমকে গিয়েছেন নেটিজেনরা। তবে তাঁর মনের জোরের প্রশংসা করেছেন সকলেই। কুর্ণিশ জানানো হয়েছে শতাধিক এই ‘তরুণী’কে। সকলের মতেই এ যেন এক অবিশ্বাস্য ঘটনা।

বলে রাখি, গিনেস বুকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের স্কাইডাইভার হিসেবে নাম রয়েছে সুইডেনের এক মহিলার। ২০২২ সালে স্কাইডাইভিং করার সময় সেই মহিলার বয়স ছিল ১০৩ বছর ২৫৯ দিন যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে ডরোথির বয়স তাঁর থেকে বেশি। যদিও গিনেস সংস্থার তরফে এখনও এই রেকর্ড নিশ্চিত করা হয়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর