ভালুকের নানান কাজকর্ম আমাদের মুখে হাসি এনে দেয় বটে। গোলগাল চেহারার এই প্রাণী নানানরকমের কাণ্ড করে থাকে সবসময়। কিন্তু তা বলে ভালুকের যে সোডা এতটাই পছন্দের তা এই ঘটনা না ঘটলে জানাই যেত না। এক মহিলার দাবী, তাঁর গাড়ির কাচ ভেঙে ৬৯ ক্যান সোডা সাবাড় করে দিয়েছে এক ভালুক আর তিনি চেয়ে চেয়ে শুধু দেখেছেন গোটা ঘটনা। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল। ঘটনাটি ঘটেছে কানাডায়।
ওই মহিলার কথায়, রাত তিনটে নাগাদ আচমকাই পোষ্য কুকুরটি খুব চিৎকার করে ওঠে। আর সেই চিৎকার শুনেই ঘুম ভেঙে যায় তাঁর। ধড়মড়িয়ে উঠে বসে বাইরে তাকাতেই চোখে পড়ে এক অবিশ্বাস্য কাণ্ড। এমনটা যে হতে পারে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না ওই মহিলা।
তিনি দেখেন, একটা কালো ভালুক ঘুরঘুর করছে তাঁর গাড়ির চারপাশে। আর গাড়ির জানলার কাচগুলো ভেঙে পড়ে রয়েছে চারিদিকে। কেবল ঘুরঘুরই নয়, একটার পর একটা সোডার ক্যান থেকে সোডা পান করে চলেছে ভালুক মশাই। গাড়িতে থাকা সবশুদ্ধ ৭২টি ক্যানের মধ্যে ৬৯টি ক্যানই ফাঁকা করে দিয়েছে ওই ভালুক, এমনটাই দাবী ওই মহিলার।
চোখের সামনে ভালুকের এই কাজকর্ম দেখেও কিছু করতে পারেন নি বলে জানান ওই মহিলা। নানান ভাবে তিনি ভালুককে নিরস্ত করার চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয় না। তাঁকে এও বলতে শোনা যায় যে তিনি ভালুক শিকারি। পরের দিন তাঁকে এই গাড়ি করেই অফিস যেতে হবে বলেও চিৎকার করেন তিনি। কিন্তু ভালুক তো আর মানুষ নয় যে কথা শুনবে। সে কোনও কথায় কান না দিয়েই ফাঁকা করতে থাকে একের পর এক সোডার ক্যান।
আসলে ভালুকরা মিষ্টি খুব পছন্দ করে। এই কারণে এতগুলো সোডার ক্যান দেখে সে আর নিজেকে সামলাতে পারে নি। ক্যান খুলে গলায় ঢালতে থাকে সোডা। তবুও শেষে তিনটি ক্যান সে ছেড়েই দিয়েছে। সেটা হয়ত মহিলার জন্যই!





