এ কেমন আবদার! সোজা পুলিশের কাছে বউ চেয়ে বসলেন। মালদার নেমুয়া গ্রামের বাসিন্দা দেব বল্লভ। বেশ কিছুদিন হয়েছে তার স্ত্রী তাকে ছেড়ে সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। স্ত্রীকে ফিরে পেতেই এমন করেছেন তিনি বলে জানা যাচ্ছে।
তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি অন্ধকারে ঘরে বসে ফোন হাতে ভিডিও করছেন। তারপর ব্যাগ থেকে একের পর এক বোম, বন্দুক, কার্তুজ বের করতে থাকেন। যা দেখে নাশকতামূলক ষড়যন্ত্রের আশঙ্কাও তৈরি হয় নেটিজেনদের।
ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘এই যে পিস্তল, পেটো, পেট্রোল বোমা, অ্যাসিড। সবরকমের ব্যবস্থা করে রেখেছি। আমার উপর হামলা করতে এলেই ঝাঁঝরা করে দেব। ব্যাগের পকেটে বোমা ফিট সেট করে রাখব। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে, একটি একটি করে মারব। সব ধ্বংস করে দেব।’
তিনি জানিয়েছেন, পুলিশকে আগে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে সে এসব করছে।
ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে, তিনটি বোমা, ৯ এমএম পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে। তবে কোথা থেকে এতো আগ্নেয়াস্ত্র পেলেন তিনি, সেটাই প্রশ্ন পুলিশের।





