সদ্যই মিটল দিওয়ালী। এবার সামনেই ছট পুজো। সেই কারণে নানান রাজ্য থেকেই পরিযায়ী শ্রমিকরা ফিরছেন বাড়িতে। ট্রেনে ভিড়ের ঠেলায় ভারতীয় রেল যেন হিমশিম খাচ্ছে। সমস্ত বড় বড় স্টেশনে গিজগিজ করছে ভিড়। দূরপাল্লার ট্রেনগুলিতে পা গলানোর জায়গা নেই।
আবার এমনও হয়েছে যাত্রীদের কাছে রয়েছে কনফার্ম টিকিট, কিন্তু তবুও ট্রেনের সিটে বসা তো দূর, ট্রেনে উঠতেই পারছেন না তারা। একাধিক রাজ্যেই এমন চিত্র দেখা গিয়েছে। এমন অত্যধিক ভিড় ও বিনা টিকিটে যাত্রীদের জেরে ভারতীয় রেলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
দিওয়ালীতে গুজরাতের ভাদোদরা, সুরাটের মতো বড় বড় স্টেশনগুলিতে এমন দৃশ্য দেখা গিয়েছে। সুরাট স্টেশনে ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবরও মিলেছে। এরই মাঝে ভাইরাল হল একটি ভিডিও। ট্রেনে ভিড়ের মধ্যে কীভাবে এক ব্যক্তি নিজেকে ট্রেনের কামরায় ঢোকানোর চেষ্টা করলেন, তাই-ই দেখা গিয়েছে ওই ভিডিওতে।
কী দেখা গেল ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের কামরার দরজা পর্যন্ত গিজগিজ করছে ভিড়। হাতল ধরে কমপক্ষে ১০ জন ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এরই মধ্যে এক ব্যক্তি ট্রেনের ভিতরে ঢুকতে হাতলের বদলে সোজা ট্রেনের দরজার উপর আঁকড়ে ধরে রয়েছেন। শরীর ভাঁজ করে, অন্যান্য যাত্রীদের মাথা, ঘাড়ে, পিঠে পা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তিনি।
তবে বাকি যাত্রীরা তা হতে দেবেন কেন! তারাও আবার ওই ব্যক্তির পা দুটো ধরে বারবার বাইরে বের করে দিচ্ছেন। বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হতে পারলেন না ওই ব্যক্তি। অবশেষে হাল ছেড়ে দেন তিনি। আর বাকিরা তাঁর এই কীর্তি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন।
এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এমন ভিডিও দেখে হাসছেন। কেউ কেউ তো আবার ওই ব্যক্তিকে স্পাইডারম্যানের সস্তা কপিও বলেছেন। অনেকেই আবার এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের কথায়, এমন অবস্থায় যে কোনও সময় যে কোনও একটা অঘটন ঘটে যেতে পারে।





