চলছে বিয়ের মরশুম। বিয়েতে ঘটা নানান ঘটনার কথা সামনে আসছে অহরহ। কোথাও বিয়েবাড়ির খাবার নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে বচসার খবর সামনে আসছে তো কোথাও আবার পণ চাওয়ার জন্য কনেপক্ষের তরফে বিয়ে বাতিল করার খবরও সামনে আসছে। এসবের মধ্যে ঘটে গেল বিয়েবাড়িতে এক ঘটনা।
বিয়েবাড়িতে তো কত মজার ঘটনাই ঘটে থাকে। কোনও কোনও সময় সেই মজা আবার গুরুগম্ভীর পরিস্থিতির সৃষ্টি করে। কিন্তু যদি এমন হয় যে বর বিয়ের মণ্ডপে উপস্থিত কিন্তু খোঁজ নেই কনেরই, তাহলে? অনেক খোঁজাখুঁজিতেও মিলল না কনের হদিশ। পড়ে জানা গেল, কনে তাঁর প্রেমিকের সঙ্গে ভেগেছেন। এমন ঘটনা এবার সত্যিই ঘটল।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর গ্রামে। সেই গ্রামেই বসেছিল বিয়ের আসর। বিয়ের জোগাড় পর্ব তখন তুঙ্গে। সকলে নানান কাজে ব্যস্ত। কেউ কেউ মজা করছেন। বিয়ের মণ্ডপে উপস্থিত বরও। কিন্তু দেখা নেই কনের। জানা গেল, বিয়ের সাজগোজের জন্য বিউটি পার্লার গিয়েছিল সে। সেখান থেকে আর বিয়ের মণ্ডপে ফেরে নি কনে।
কনে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে জানা যায়, বিউটি পার্লার থেকেই নিজের প্রেমিকের সঙ্গে পালিয়েছেন সেই কনে। বিয়ে করতে এসে নিজের হবু বউয়ের এমন কীর্তির কথা শুনে মাথায় হাত পড়ে যায় বরের। কী ঘটছে না ঘটছে, কিছু বুঝেই উঠতে পারছিলেন না যেন তিনি। শেষ পর্যন্ত বিয়ে না করেই বিষণ্ণ মুখে ফিরে আসেন তিনি। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন কনের বাবা।
কেন এভাবে পালালেন কনে?
জানা গিয়েছে, ওই যুবতী লখনউয়ে থাকতেন। সেখানেই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দীর্ঘদিন সম্পর্ক ছিল তাদের কিন্তু তা মেনে নেয় নি যুবতীর পরিবার। ওই যুবক ভিন জাতের হওয়ার কারণেই আপত্তি ছিল যুবতীর পরিবারের।
এরই মধ্যে যুবতীর অন্যত্র বিয়ের ঠিক করে তাঁর পরিবার। সেই জন্য বিউটি পার্লারে সাজতে গিয়েছিল ওই যুবতী। সাজগোজ করেওছিলেন। কিন্তু এরপর আর বিয়ের মণ্ডপে ফিরে যান নি। সেখান থেকেই পালিয়ে যান প্রেমিকের সঙ্গে। এদিকে বিয়ে করতে এসেও বউ না নিয়েও ফিরে যেতে হয় বরকে। পুলিশ আপাতত ওই যুবতী ও তাঁর প্রেমিকের খোঁজ করছে।





