আজকাল যুগে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। প্রতিনিয়ত নানান ছবি, ভিডিও আমাদের সামনে আসে। কিছু ভিডিও যেমন আমাদের অনাবিল আনন্দ দেয়, হাসি এনে দেয় আমাদের মুখে, তেমনই আবার কিছু ভিডিও দেখলে আমাদের মন ভারাক্রান্ত হয়। এমনই একটি ভিডিও এবার প্রকাশ্যে এল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে ব্যস্ত রাস্তার মধ্যে ভাইকে পিঠে নিয়েই জীবন সংগ্রামের ঘানি টেনে চলেছে দাদা। তবে দাদার বয়সও এমন কিছু বেশি নয়, সাত কী আট হবে টেনেটুনে। আর এমন ভিডিওই আবেগপ্রবণ করে তুলল নেটিজেনদের।
কী দেখা যাচ্ছে ভিডিওতে?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোটো শিশু ব্যস্ত রাস্তায় ভ্যান চালাচ্ছে। সেই ভ্যানে বোঝাই করা রয়েছে ভারী ভারী জিনিসপত্র। আর সেই শিশুর পিঠে রয়েছে আরও একটি শিশু। বয়সে তার থেকে কম। তার ভাই। রুজি রোজগারের জন্য এই অল্প বয়সেই জীবনের সমস্ত আনন্দকে দূরে সরিয়ে রেখে সংসারের দায়িত্ব পালন করে চলেছে শিশুটি।
আমাদের দেশে অনেক ছোটো শিশুরাই পড়াশোনা তো দূর, দু’বেলা দু’মুঠো খেতেও পায় না। রাস্তাতেই কেটে যায় তাদের শৈশব। যে সময়টা তাদের খেলাধুলো করে কাটানোর বয়স, সেই সময় তারা অভাবের তাড়নায় জীবিকা নির্বাহ করে দিন কাটায়। সেই বাস্তব ছবিই ফুটে উঠেছে এই ভিডিওতে। আর সংসারের দায়িত্ব পালনের জন্য ছোটো ভাইয়ের প্রতি কর্তব্য করতেও ভোলে নি ওই শিশু। ভাইকেও ঠিক আগলে রেখেছে নিজের কাছে।
View this post on Instagram
ইতিমধ্যেই এই ভিডিও নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে। লাখ লাখ মানুষ দেখেছে এই ভিডিও। আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটবাসীরা। তাদের কথায়, “এটাই কঠিন বাস্তব। এভাবেই প্রতিদিন কত শিশুকে এমন ভাবেই জীবন চালিয়ে যেতে হচ্ছে”।





