ট্রেনের মধ্যে প্রতিনিয়ত কত ধরণের কত ঘটনাই না ঘটে। জন্ম থেকে মৃত্যু, এমন নানান ঘটনা ঘটতে দেখা গিয়েছে ট্রেনে। তাছাড়া, ট্রেনের মধ্যে ঝগড়াঝাঁটি, ঝামেলা, হাঁটাহাঁটি বা চুরির ঘটনা তো আকছার হয়েই থাকে। এবার ট্রেনের মধ্যে হল বিয়েও।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। এবার ট্রেনের মধ্যে বিয়ে সারলেন এক যুগল। চলন্ত ভিড়ে ঠাসা কামরা। আর সেই কামরাতেই বিয়ের অনুষ্ঠান। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথাগত সামাজিক অনুষ্ঠান ছাড়াই হল বিয়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুগল বর-কনের মতো করে সেজে নেই। তবে বিয়েটা হয়েছে তাদের। ভিডিওতে দেখা যায়, একে অপরকে মালা পরিয়ে দেন তারা। এই সময় তাদের ঘিরে ছিলেন তাদের কিছু বন্ধুবান্ধব। সঙ্গে ছিলেন ট্রেনের যাত্রীরাও।
মালাবদলের পর একটু আবেগপ্রবণ হয়ে পড়েন কনে। হালকা করে বরকে জড়িয়ে ধরেন তিনি। তখন উপস্থিত যাত্রীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এরপর হিন্দু রীতি মেনে কনেকে সিঁদুর ও মঙ্গলসূত্র পরিয়ে দেন যুবক। এমন ঘটনা ঘটল আসানসোল-জাসিডি ট্রেনে।
সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে নানান কমেন্ট শুরু হয়েছে। সকলেই যুগলের এমন অনুষ্ঠান দেখে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন যে বিয়ের বিপুল খরচ রক্ষার জন্য এটা একটা ভালো পন্থা। আবার কেউ কেউ বলেছেন প্লেনে বিয়ে করলে পারতেন।
ট্রেনে এমন বিয়ে করার ভিডিও ভাইরাল হওয়া নিয়ে রেল কর্তৃপক্ষও বেশ খুশি। আসানসোল ডিভিশনের এক আরপিএফ বলেন, বাধা কোথায়? এমনভাবে বিয়ে করলে কেন শুধু শুধু আইনত ব্যবস্থা নিতে হবে।





