অনর্গল কথা বলে যাচ্ছেন ইংরেজিতে, রাস্তার ধারে মোমো বিক্রি করছেন ইংরেজি শিক্ষক, তুমুল ভাইরাল ভিডিও

এখন পাড়ার অলিগলি হোক বা বড় রাস্তার ধার, ইতিউতি দেখা মেলে ছোটো ছোটো সব মোমোর স্টলের। মোমো এখন তরুণ প্রজন্মদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। অনেকেই এখন জীবিকা নির্বাহের জন্য মোমো বিক্রির পথ বেছে নেন। তবে যদি এমন হয় একজন ইংরেজি শিক্ষকও জীবিকা হিসেবে মোমো বিক্রিকেই বেছে নিয়েছেন, তাহলে?

আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় কত ধরণের ভিডিওই ভাইরাল হয়। কিছু ভিডিও আমাদের চোখে জল আনে, তো আবার কিছু ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে। আবার কিছু ভিডিও এমন থাকে যা দেখে আমরা অনুপ্রাণিত হই। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হল যেখানে এক ইংরেজি শিক্ষককে দেখা গেল মোমো বিক্রি করতে। তাঁর অনর্গল ইংরেজিতে কথা বলা বা বাচনভঙ্গি দেখে কেউ বুঝতেই পারবেন না যে তিনি মোমো বিক্রেতা।

কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে?

এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর। সেখানেই গোমতী নগরে রাস্তায় দাঁড়িয়ে ইংরাজির শিক্ষককে মোমো বিক্রি করতে দেখা যায়। দর্পন খুরানা নামে এক যুবক ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, রাস্তায় মোমো বিক্রি করছেন এক ব্যক্তি। তার সামনে রাখা রয়েছে একটি ছোট টেবিল। পথ চলতি মানুষজনকে সাবলীল ইংরেজিতে তাঁর দোকানে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজিতেই তাঁর মোমোর বিশেষত্ব ব্যাখ্যা করে ক্রেতাদের খাওয়ার জন্য ডাক দিচ্ছেন ওই বিক্রেতা। বাদামের চাটনি এবং শেজওয়ান সসের সঙ্গে ঘরে তৈরি মোমো সুন্দরভাবে পরিবেশন করে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। বাচনভঙ্গি শুনলেই তাঁর ইংরেজি ভাষায় কতটা দখলদারি তা পরিষ্কার বোঝা যায়।

১০০ টাকায় ১০ পিস মোমো বিক্রি করেন ওই বিক্রেতা। বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই মাত্র দু’ঘণ্টাতেই সব মোমো বিক্রি হয়ে যায় ওই বিক্রেতার। শুধুমাত্র যে তাঁর সুস্বাদু মোমোর জন্য তাঁর সমস্ত মোমো বিক্রি হয়ে যায়, তাই-ই নয়, ওই শিক্ষকের ইংরেজিতে মোমো বিক্রির পদ্ধতিও মন কাড়ে ক্রেতাদের।

এমন ভিডিও মন কেড়েছে নেটিজেনদেরও। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “ভারতে কর্মসংস্থাননের বাস্তব চিত্র”। আবার কেউ লিখেছেন, “কোনও কাজই ছোট নয়, তবে তিনি যে সৎ পথে আয় করছেন এটাই আসল”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর