স্বপ্নের কলেজে পড়ার সুযোগ পেয়েছে মেয়ে, প্রথম দিন কলেজে ড্রপ করতে গিয়ে হাউহাউ করে কেঁদে ফেললেন বাবা, মুহূর্তে ভাইরাল ভিডিও

পড়াশোনা হোক না চাকরির জন্য, নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকার কষ্টটা কম নয়। অনেকেই নিজের মা-বাবা, নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে চান না। এটা যেমন এক সন্তানের কাছে কষ্টের, তেমনই মা-বাবার কাছেও ততটাই যন্ত্রণাদায়ক। কিন্তু ছেলেমেয়ের ভালো ভবিষ্যতের জন্য কষ্ট হলেও তাদের দূরে পাঠাতে বাধ্য হন অভিভাবকরা।

অনেক ক্ষেত্রে মা-বাবা সেই কষ্ট চেপে রাখতে পারেন, আবার অনেক সময় তা অশ্রুবারি হয়ে ঝরে পড়ে চোখ থেকে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে সন্তানকে কলেজে রেখে আসার পর চোখের জলে ভাসাচ্ছেন বাবা।

সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিওটি প্রেক্ষা নামের একটি ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আদরের কন্যাকে কলেজে ড্রপ করে আসছেন তার মা-বাবা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউসে অ্যাডমিশন নিয়েছেন প্রেক্ষা। ক্যাম্পাস ট্যুর করার সময়েই কেঁদে ফেলেন প্রেক্ষার বাবা। অটোয় যেতে যেতে তাঁর চোখের কোনা ভিজে ওঠে, পাশে বসে থাকা তাঁর স্ত্রীকে দেখা যায় তাঁকে শান্ত করতে।

ভিডিওর ক্যাপশনে প্রেক্ষা লিখেছেন, “তাঁরা আমাকে স্বপ্নের গন্তব্য মিরান্ডা হাউস কলেজ, দিল্লি ইউনিভার্সিটিতে নামিয়ে দিচ্ছিলেন। কলেজে আমার প্রথম দিন ছিল, তাই আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছিলাম এবং হঠাৎ লক্ষ্য করলাম, আমার বাবার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে! তিনি আনন্দে অভিভূত ছিলেন এবং আবেগের অন্য স্তরে পোঁছে গিয়েছিলেন। তাঁর জিগর কা টুকরা যে, তাঁর থেকে অনেক দূরে থাকবে সেটা একটা তিক্ত সত্য। কিন্তু তাঁর চোখের জল যেন আমাকে বলেছিল, আমি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছি, সমস্ত কঠোর পরিশ্রম করেছি, এই স্বপ্নটি অর্জনের জন্য আমি যা করেছি, সবই শেষ পর্যন্ত মূল্যবান। আমি যা বলতে পারি তা হল, আমি তোমাদের সদাহাস্য মুখ এবং ঝকঝকে চোখ দেখার জন্য সবকিছু করতে পারি! অনেক ধন্যবাদ মা ও বাবা! আমি তোমাদের খুব ভালোবাসি”।

এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়েছে। নেটিজেনরাও এই ভিডিও দেখে আবেগপ্লুত হয়ে পড়েছেন। অনেকেই আবার ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের স্মৃতিচারণাও করেছেন। কেরিয়ার গোছাতে গিয়ে বাড়ি ছাড়ার মুহূর্তের কথা ভেবে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

RELATED Articles