বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এমন সময় শ্বশুরের কাছে পণ হিসেবে বাইক চেয়ে বসলেন বর। আর তা শুনেই রেগে যান বরের বাবা। শিক্ষা দিতে সকলের সামনেই ছেলেকে জুতোপেটা করলেন বৃদ্ধ। বিয়েবাড়ির এমন ভিডিও এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল।
আমাদের দেশের আইন অনুযায়ী বিয়ের সময় পণ দেওয়া বা নেওয়া নিষিদ্ধ। কিন্তু সেই আইন মেনে চলেন ক’জন? পণপ্রথা এখনও চলছে। হ্যাঁ, সংখ্যায় কম হলেও তা একেবারে বিলুপ্ত হয়ে যায় নি। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই পণপ্রথায় শুধু পাত্রের একার নয়, সায় থাকে তাঁর পরিবারেরও। চাহিদামতো পণ না দেওয়ায় বধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্ত থাকে কনের শ্বশুরবাড়ির লোকজনও।
তবে সাম্প্রতিক একটি ঘটনায় ঠিক যেন এর উল্টো ছবিই ধরা পড়েছে। বিয়ের মণ্ডপে পণ চাওয়ার কারণে বরের উপর রেগে যান তাঁর বাবা-ই। সকলের সামনেই ছেলের দিকে জুতো নিয়ে তেড়ে আসেন তিনি। বিয়েবাড়ির সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছেলে পণ চাওয়ায় তাকে নৈতিক শিক্ষা দিলেন বাবা। এর কন্য সদ্য বিবাহিতা স্ত্রীর বাড়ির সকলের সামনেই ছেলেকে জুতোপেটা করতেও পিছপা হন নি তিনি। টুইটারে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, বরের কলার ধরে তাকে জুতো দিয়ে মারছেন এক বয়স্ক ব্যক্তি। আশেপাশের লোকজন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
ওই ভিডিওতে বাবা-ছেলের কথোপকথনের কিছু অংশ শোনা যায়। যা শুনে মনে হয়েছে, পণের দাবী করা নিয়েই ঝামেলা বেঁধেছে দু’জনের মধ্যে। বিয়ের পর শ্বশুরের কাছে বাইক চান বর। আর তাতেই রেগে যান তার বাবা।
ছেলের উদ্দেশে ওই বৃদ্ধকে বলতে শোনা যায়, “আমি তোমাকে আমার চাষের জমি বিক্রি করে মোটর সাইকেল কিনে দেব। আগে বউমাকে বাড়ি নিয়ে চলো। তাকে খুশি রাখো। তা না হলে দুর্ভোগ আছে”।
পণ দেওয়া নিয়ে আমাদের দেশে এখনও প্রতিনিয়ত কতই না অপ্রীতিকর ঘটনা ঘটে। পণ না পেয়ে বধূ নির্যাতন বা বধূহত্যার ঘটনা নতুন কিছু নয়। এমন সময় দাঁড়িয়ে এমন একটি ভিডিও যাতে বরের বাবাকেই পণের দাবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন ঘটনা আপ্লুত করেছে নেটিজেনদের।





