অটোচালকদের ‘দাদাগিরি’! বেআইনিভাবে অটো রাখা নিয়ে অশান্তি-বচসা, পুলিশকে বেধড়ক মারধর অটোচালকদের

অটোচালকদের দৌরাত্ম্য কোনও নতুন ঘটনা নয়। স্টেশনের সামনে বেআইনিভাবে অটো রাখা নিয়ে বাঁধল অশান্তি। এর জেরে বাঁধে হাতাহাতিও। সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্যামনগরে। জখম সিভিক ভলান্টিয়াররা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্টেশনের সামনে দীর্ঘক্ষণ অটো দাঁড় করিয়ে রাখার অভিযোগ। স্টেশনের সামনে অটো রাখাকে কেন্দ্র করে অশান্তি লেগে থাকে শ্যামনগরে। সম্পূর্ণ ভর্তি না হওয়া পর্যন্ত অটো সরাতে চান না চালকরা, বারবার এমন অভিযোগ করেছেন এলাকার দোকানদাররা। আজ, বৃহস্পতিবারও স্টেশনের সামনে অটো দাঁড় করিয়ে রাখেন চালকরা। এক সিভিক ভলান্টিয়ার বারণ করলে তাঁর উপর চড়াও হন অটোচালকরা। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়।

এই বচসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা। এর জেরে অশান্তি আরও বাড়ে। দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পাঁচজন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর।

অভিযোগ, বেআইনিভাবে পার্কিং করা অটো সরাতে বললে পালটা পুলিশকেই হুমকি দেন অটোচালকেরা। প্রহৃত পুলিশ কর্মীর অভিযোগ, “এমনকী বলা হয় মার্ডার করে দেবে, যা পারে পুলিশ করে নিক তারা কারও কথা শুনবে না। কার নেতৃত্বে এই হুমকি,কার ক্ষমতায় অটো চালকরা পুলিশ প্রশাসনকেও তোয়াক্কা করছে না”। তা অজানা এএসআইয়েরও।

সিভিক পুলিশের অভিযোগ, স্টেশনের সামনে বেআইনিভাবে অটো দাঁড় করিয়ে রাখে অটোচালকরা। এদিন অটো সরাতে বলাতেই বেঁধে যায় ঝামেলা। হাতাহাতিতে গড়ায় তা। সিভিক ভলান্টিয়ারদের দাবী, অটো চালকরা পুলিশ কর্মীকে ধাক্কা দেয়।

RELATED Articles