Rape case : ফ্ল্যাটে বন্দুক, ভয় আর অমানবিকতা! গিটার শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে বারবার ধর্ষ*ণের চাঞ্চল্যকর অভিযোগ!
শিল্পচর্চার অঙ্গনে অনেক সময় বিশ্বাস ভেঙে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। সঙ্গীত শেখার আশায় ক্লাসে ভর্তি হওয়া কিশোরীর জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ভরসার জায়গা হয়ে ওঠা শিক্ষকই যে তাকে ফাঁদে ফেলে দিনের পর দিন নিগ্রহ করবেন, তা কল্পনাও করেনি ওই কিশোরী। ঘটনায় স্তম্ভিত হয়েছে মহারাষ্ট্রের নাগপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম সাগর সিং ওরফে রাজুভাও। তিনি বিবাহিত। মাস দুয়েক আগে ওই নাবালিকা তাঁর গিটার ক্লাসে ভর্তি হয়। অভিযোগ, কিছুদিন পর থেকেই ক্লাসের অছিলায় কিশোরীর শরীরে অশালীন আচরণ করতে শুরু করে অভিযুক্ত। এতে অস্বস্তি বোধ করে একদিন নিজের জিনিসপত্র ফেলে রেখেই ক্লাস থেকে বাড়ি চলে যায় কিশোরী।
ঘটনাটি আরও ভয়ঙ্কর রূপ নেয় গত ২৩ জুলাই। অভিযোগ, ওইদিন কিশোরীকে ফোন করে নিজের ফ্ল্যাটে আসতে বলেন সাগর। প্রথমে অস্বীকার করলে তার বাবা-মাকে খুন করার হুমকি দেন তিনি। বাধ্য হয়ে ফ্ল্যাটে গেলে কিশোরীর মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। শুধু একবারই নয়, পরবর্তী কয়েকবারও একইভাবে হুমকি দিয়ে নাবালিকাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, শেষবার ১২ অগস্ট ফের নির্যাতনের শিকার হয় কিশোরী। মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় অবশেষে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। এরপর পরিবারের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে সোনেগাও থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।
আরও পড়ুনঃ Artificial Intelligence: নারী ভেবে ভার্চুয়াল প্রেমে মজলেন প্রবীণ, দেখা করতে গিয়ে মৃত্যু! মেটা কি দায় এড়াতে পারবে?
অবশেষে অভিযুক্ত সঙ্গীত শিক্ষক সাগর সিংকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগপুর জুড়ে। পুলিশ জানিয়েছে, নাবালিকার শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।





