এবার কাঁচা বাদামকে টেক্কা দিতে বাজারে এল লাল লাল তরমুজ। এই ট্রেন্ড যেন থামবার নয়। একের পর এক কাঁচা পেয়ারা, পাকা আঙুর, লেবুর এবার পালা লাল লালা তরমুজের। এই গরমের সময় একদিকে কিছু মানুষ যখন লাল লাল তরমুজ খেতে ব্যস্ত, ঠিক তখনই আবার একদল মানুষ লাল লাল তরমুজ শুনতে ব্যস্ত।
কী, অবাক হচ্ছেন! যে লাল লাল তরমুজ শোনা যায় কীভাবে? সে ফল বিক্রেতার প্রতিভা থাকলেই শোনা যায়। তরমুজ বিক্রি করতে বিক্রেতার গান ‘লাল লাল তরমুজ’ এখন নেট দুনিয়া কাঁপাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই গান নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই লাল লাল তরমুজ গানের ভিডিও শেয়ার করা হয়েছে ইনন্টাগ্রামে। @giedde নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক তরমুজ বিক্রেতা তাঁর তরমুজ বিক্রি করার জন্য অভিনব একটি গান তৈরি করেছেন। সেই লাল লাল তরমুজ গান গাইতে গাইতে বিক্রেতা বিক্রি করছেন তরমুজ।
তরমুজ বিক্রেতার তরমুজ বিক্রি করার স্টাইলও বেশ আলাদা। একটি তরমুজকে দু’ভাগে ভাগ করে তা দু’হাতে নিয়ে গান ধরেছেন তিনি। হাতদুটোকে একবার উপরে তুলছেন, আবার একবার নীচে নামাচ্ছেন। তাঁর এই কায়দা ও গানের ভিডিও মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের। সঙ্গে সঙ্গে ভাইরাল এই ভিডিও।
View this post on Instagram
কাঁচা বাদাম গানের স্রস্টা ভুবন বাদ্যকর একসময় বাদাম বিক্রি করলেও, এখন তিনি কোনও সেলিব্রিটির থেকে কম কিছু নন। তাঁর বাদাম বিক্রি করার জন্য নিজের বানানো গান, ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’ যে এমন ম্যাজিক দেখাবে তা হয়ত তিনি নিজেও কখনও ভাবতে পারেন নি।
এই ঘটনা থেকেই বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার ঠিক কতটা! ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখনও মানুষের মুখে মুখে ঘোরে। শুধু ভারতই নয়, বিদেশেও এই গানের রমরমা কম নয়। এবার দেখা যাক নতুন এই ‘লাল লাল তরমুজ’ গান ‘কাঁচা বাদাম’-এর মতো জনপ্রিয়তা পায় কী না!





