বৃন্দাবনের ভক্তদের জন্য এ যেন এক অপার আনন্দের সকাল। দীর্ঘ বিরতির পর ফের স্বমহিমায় প্রকাশ পেলেন প্রেমানন্দ জী মহারাজ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আশ্রমের দরজা খুলে মহারাজ বেরিয়ে আসতেই, গলিগুলো মুখরিত হয়ে ওঠে ‘রাধে রাধে’ ধ্বনিতে। বহুদিন ধরে তাঁর পদযাত্রা বন্ধ ছিল, কিন্তু রবিবার সকালে ভক্তদের সেই প্রতীক্ষার অবসান ঘটল। আশ্রম থেকে বেরিয়ে মহারাজ তাঁর ভক্তদের দর্শন দেন, আর তাঁদের চোখে মুখে ঝলকে ওঠে অগাধ আনন্দ ও কৃতজ্ঞতা।
শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমের অধিষ্ঠাতা প্রেমানন্দ মহারাজ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শারীরিক দুর্বলতার কারণে তাঁর ভোরবেলার পদযাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রতিদিন ভোর ২টোর সময় শুরু হতো তাঁর দিন, যা ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব ফেলছিল। ফলে শিষ্যরা ও আশ্রম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে মহারাজকে কিছুদিন বিশ্রাম দিতে হবে। সেই সময় থেকেই ভক্তরা উদ্বিগ্ন ছিলেন, প্রতিদিন কেউ না কেউ আশ্রমের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন তাঁর সুস্থতার জন্য।
আজ সকালে সেই অপেক্ষার অবসান ঘটল। মহারাজ আশ্রম থেকে বেরিয়ে পরিক্রমা মার্গ পর্যন্ত পদযাত্রা করেন। যদিও এটি ছিল মাত্র কয়েক মিনিটের ‘মিনি পদযাত্রা’, তবুও ভক্তদের কাছে সেটাই যেন আশীর্বাদস্বরূপ। মহারাজ তাঁর আশ্রম ঘুরে পরিক্রমা করেন, তারপর আশ্রমের বাইরে জড়ো হওয়া শত শত ভক্তের দিকে হাত তুলে আশীর্বাদ দেন। ভক্তদের চোখে জল, ঠোঁটে একটাই নাম—“রাধে রাধে!” পুরো এলাকা সেই পবিত্র নামধ্বনিতে গুঞ্জরিত হয়ে ওঠে।
মহারাজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি নানা গুজব ছড়িয়েছিল। সামাজিক মাধ্যমে তাঁর পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে অসুস্থ দেখা গিয়েছিল। এতে অনেকেই ভুল বোঝে নিয়েছিলেন যে মহারাজ গুরুতর অসুস্থ। কিন্তু আশ্রম কর্তৃপক্ষ ও শিষ্যরা জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন এবং নিয়মিতভাবে আধ্যাত্মিক দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁরা ভক্তদের অনুরোধ করেছেন, যেন কেউ পুরনো ছবি বা ভিডিও শেয়ার না করেন, কারণ এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হচ্ছে। মথুরা পুলিশও এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে, গুজবে কান না দিতে আবেদন করেছে।
আরও পড়ুনঃ Operation Blue Star : ‘অপারেশন ব্লু স্টার ভুল ছিল, তার জন্যই ইন্দিরা গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল’—চিদম্বরমের মন্তব্যে চরম বিতর্ক রাজনীতিতে!
আজকের দিনটি বৃন্দাবনের ভক্তদের জন্য এক পবিত্র উৎসবের মতো হয়ে উঠেছে। বহুজন মনে করছেন, এই ছোট পদযাত্রাই মহারাজের পূর্ণ আরোগ্যের লক্ষণ। তাঁর দর্শনে নতুন করে আশার আলো জেগেছে ভক্তদের মনে। সকলে এক সুরে বলছেন, “রাধা রানীর কৃপায় মহারাজ খুব শিগগিরই আগের মতো পূর্ণ পদযাত্রা শুরু করবেন।” বৃন্দাবনের সকালের বাতাসে আজ তাই মিশে আছে এক অদ্ভুত শান্তি, ভক্তির ছোঁয়া আর এক অমূল্য আশীর্বাদের স্পন্দন।





