গত আড়াই বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। একটি ভাইরাস যেন মানবজীবনকে এক রোলার কোস্টার রাইড দিয়েছে বলা যায়। এই সময় কত যে নতুন নতুন জিনিস মানুষ শিখেছে, তার ইয়ত্তা নেই। করোনা পরিস্থিতির জেরে স্কুল, কলেজ বন্ধ হওয়ার পর শুরু হয় অনলাইন ক্লাস। পরীক্ষাও শুরু হয় অনলাইনের মাধ্যমেই।
তবে এখন করোনা পরিস্থিতি অনেকটা উন্নত। এমন আবহে খুলে গিয়েছে সমস্ত স্কুল, কলেজ। স্কুল-কলেজে পগিয়ে পড়াশোনা যখন হচ্ছে, তাহলে স্কুল-কলেজে গিয়েই যে পরীক্ষাও হবে, তেমনটাই তো স্বাভাবিক। কিন্তু না, কলকাতার নানান নামী কলেজের পড়ুয়ারা দাবী করেছেন যে তাদের অনলাইনেই পরীক্ষা নিতে হবে। আর এই দাবী নিয়ে তারা রাস্তায় বসে বিক্ষোভও দেখাচ্ছেন।
এরই মধ্যে এক ছাত্রীর একটি সাক্ষাৎকারের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর অফলাইন পরীক্ষার দাবী নিয়ে সেই ছাত্রীর মন্তব্য শুনে নেটিজেনরা রীতিমতো চমকে উঠেছেন।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ছাত্রীকে প্রশ্ন করা হচ্ছে যে তারা কেন অনলাইনে পরীক্ষার জন্য আন্দোলন করছেন। উত্তরে ওই ছাত্রী বলে, “অনলাইনে পরীক্ষা হলে আমারা বিভিন্ন বিষয়ের বই পড়ে, তারপর সেটা লিখি। সেই সময় আমাদের বই পড়তে হয়। কিন্তু, অফলাইনে পরীক্ষা হলে, আমাদের পুরো বিষয়টি না দেখে লিখতে হচ্ছে”। অর্থাৎ ওই ছাত্রীর বক্তব্য অনলাইনে পরীক্ষা হলে তারা বই খুলে দেখে দেখে লিখতে পারেন। কিন্তু অফলাইনে পরীক্ষায় তা সম্ভব নয়, এই কারণেই অনলাইনে পরীক্ষার দাবী জানাচ্ছেন তারা।
এই ভিডিওতে যে ছাত্রীকে দেখা যাচ্ছে, তিনি কোন কলেজে পড়েন, তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ছাত্রীর পিছনে অনেক পড়ুয়াই রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আর পুলিশ তাদের ঘিরে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। অনেকেই নানান ধরণের কমেন্ট করেছেন এই ভিডিওতে। কেউ কেউ বলেছেন যে এবার জানা গেল যে কেন অনলাইনে পরীক্ষার জন্য এত আন্দোলন। বই খুলে দেখে দেখে লেখার জন্যই এত কিছু।





