ইচ্ছে থাকলেই উপায়! হাত নেই, পা-ও তেমন সক্ষম নয়, বাম পায়ে লিখেই উচ্চমাধ্যমিক, মহেশের লড়াইকে কুর্ণিশ জানাচ্ছে সকলে

জন্মের পর থেকেই নিজের হাতদুটো দিয়ে কোনও কাজ করতে পারে না সে। পা দুটোও যে খুব সক্ষম, তা বলা চলে না। কিন্তু তার পড়াশোনার অদম্য ইচ্ছাশক্তির কাছে যেন হার মেনেছে সবকিছুই। তার সেই জেদই তাকে পৌঁছে দিয়েছে উচ্চমাধ্যমিকের দোরগোড়া পর্যন্ত। বাম পা দিয়েই উচ্চমাধ্যমিক দিয়েছে মহেশ সিং।

সূত্রের খবর, ছত্রিশগড়ের বাসিন্দা মহেশ। ছোটো থেকেই অভাবকে সঙ্গী করেই বেড়ে উঠেছে সে। জন্মের পরই মৃত্যু হয় তার বাবার। দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। জমিতে কাজকর্ম করে কোনওমতে সংসার চালান মহেশের মা।

কিন্তু সব প্রতিবন্ধকতাকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে উচ্চশিক্ষার স্বপ্নের দিকে পাড়ি দিচ্ছে মহেশ। ভবিষ্যতে শিক্ষক হতে চায় সে। সেই কারণে টানা তিন ঘণ্টা বাম পা দিয়ে লিখতে যতই কষ্ট হোক না কেন, কোনও মতেই পিছু হটতে রাজি নয় সে, এমনটাই মত মহেশের।

মহেশের অনুপ্রেরণা কে? এই প্রশ্নের উত্তরে সে জানায়, “অনুপ্রেরণা তো অনেকেই আছেন। তবে, আমার অন্যান্য ভাইবোনরা জমিতে কাজ করে। আমি পড়াশোনা করলেই একমাত্র ওদের থেকে উন্নত ভবিষ্যৎ তৈরি করতে পারব”।

ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া মহেশ। তাঁর স্বপ্নপূরণের পথে সে পাশে পেয়েছে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মহেশ দাবী করেছে যে পরীক্ষায় যে ৭০ শতাংশ নম্বর পাবেই। তার স্কুলের শিক্ষকদের কথায়, মহেশ শুধুমাত্র তার বন্ধু বা স্কুলের কাছেই নয়, গোটা দেশের কাছে সে এক উদাহরণ।

RELATED Articles