নিয়োগ দুর্নীতির জেরে ধৃত অয়নকে ছেলে-মেয়ের চাকরির জন্য দিয়েছিলেন ১০ লক্ষ টাকা, হয়নি চাকরি, দাবী বলাগড়ের প্রৌঢ়ের

প্রাথমিকের চাকরির জন্য ৫ লক্ষ টাকা রেট ঠিক হয়েছিল। ছেলে ও মেয়ের চাকরির জন্য নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে ধৃত অয়ন শীলকে মোট ১০ লক্ষ টাকা দিয়েছিলেন হুগলির বলাগড়ের বাসিন্দা বাসুদেব ঘোষ। কিন্তু শেষমেশ চাকরি আর হয়নি। আর টাকাও ফেরত পান নি তিনি। ওই প্রৌঢ়ের কথায়, স্থানীয় দুই তৃণমূল নেতার মাধ্যমে অয়নের সঙ্গে তাঁর যোগাযোগ হয়।

বাসুদেব ঘোষ ইনছুড়া বাজার এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী তিনি। কিছু জমিজমাও রয়েছে। বাসুদেবের দাবী, শ্রীকুমার চট্টোপাধ্যায় ওরফে ‘গুরুদা’ এবং তরুণ সেনের মাধ্যমে অয়নের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বাসুদেবের কথায়, “তরুণ সেনের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি ওঁকে আমার ছেলেমেয়ের চাকরির জন্য বলেছিলাম। উনি আমাকে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন”।

বাসুদেবের দাবী ছেলে-মেয়ের চাকরির জন্য প্রথমে ২ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, “২০১৪ সালের শেষ দিকে আমাকে বলা হয়েছিল আরও ৮ লক্ষ টাকা দিতে হবে। তা হলে ছেলে ও মেয়ে চাকরি পেয়ে যাবে। সেই মতো আমরা অয়ন শীলকে মোট ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। আমার ছেলে ও মেয়ে ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিল”।

তিনি জানান, “আমাদের বিকাশ ভবনে নিয়ে দিয়ে সাদা খাতায় সই করিয়ে ইন্টারভিউ নিয়েছিল। তাতেও কিছু হয়নি”। এরপর নিজের টাকা ফেরত ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন বাসুদেব। অয়ন প্রথমে চুঁচুড়ায় থাকতেন। পরে সেই ঠিকানা বদলান তিনি।

বাসুদেবের বক্তব্য, “চুঁচুড়ার ফ্ল্যাট ছেড়ে সল্টলেকে থাকতেন অয়ন। আমরা সেখানেও গিয়েছিলাম। কিন্তু ওখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি”। তিনি এও জানান যে টাকা ফেরত নেওয়ার জন্য অয়নের সঙ্গে মারপিটও হয়েছিল তাঁর।

বাসুদেব যে শ্রীকুমারের নাম বলেছেন, ২০১৮ সালে সেই শ্রীকুমার ও তাঁর ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়। সুইসাইড নোটও পাওয়া গিয়েছিল। অন্যদিকে, বাসুদেবের বলা তরুণ ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য। সম্প্রতি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও।

জানা গিয়েছে, এই তরুণের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তথা তৃণমূল বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। অয়নের ওই চুঁচুড়ার ফ্ল্যাটে শান্তনু ও নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের আরও এক বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের ভালো যাতায়াত ছিল বলে জানান বাসুদেব।

RELATED Articles