করোনা কালে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। একের পর এক করোনার স্ট্রেনের জেরে মানুষের জীবন বিধ্বস্ত। স্কুল, কলেজ, অফিস সবই চলেছে বাড়ি থেকে অনলাইন মাধ্যমে। এই সময় মানুষ বাড়িতে থেকে অনলাইন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে অনেকটা।
তবে অনেক জায়গাতেই স্কুল-কলেজ খুলেছে, খুলেছে অফিসও। ধীরে ধীরে জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা চলছে। তবে অনেক জায়গাতেই এখনও অনলাইন মাধ্যমেই চলছে পড়াশোনা।
অনলাইন ক্লাস চলাকালীন নানান মজাদার ভিডিও সামনে এসেছে। কখনও দেখা গিয়েছে ক্লাস করতে করতে পড়ুয়া ঘুমিয়ে পড়েছে, তো আবার দেখা গিয়েছে কোনও পড়ুয়া ক্যামেরা বন্ধ রয়েছে ভেবে অনলাইন ক্লাসে মাঝে নাচ শুরু করে দিয়েছে। তবে অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব এমন ভিডিও নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে এক পড়ুয়া ছাত্রকে শিক্ষিকা বিয়ের প্রস্তাব দিতে শোনা গেল অনলাইন ক্লাস চলাকালীন। একমাস আগে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছিল। তবে এখন এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অনলাইন ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। আর সেই সময়ই ঘটে এক ঘটনা।
এই ভিডিওতে দেখা যাচ্ছে এক শিক্ষিকা পড়ুয়াদের বলছেন, “আমার কথা শোনা যাচ্ছে”? সকলে জবাব দেয়, “হ্যাঁ, ম্যাম শোনা যাচ্ছে”। এরপরই শিক্ষিকা বলছেন, “মাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো”। সেই সময় এক ছাত্র বলে, “ম্যাডাম আপনি কী বিবাহিত”?
শিক্ষিকা এর উত্তরে বলেন, “না”। তখন ছাত্র বলে বসে, “আমি আপনাকে ভালবাসি ম্যাম”। এই শুনে ম্যাডাম বলেন, “আমিও তোমাদের সকলকে ভালবাসি”। কিন্তু কাহিনীর এখানেই শেষ নয়।
এরপর ওই ছাত্র বলে বসে, “না ম্যাম এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই”। এর উত্তরে শিক্ষিকা কী বলবেন, তা বুঝতে পারেন না। তবে তিনি ওই ছাত্রকে বলেনব যে এই ধরণের কাজ সে যেন আর না করে।
কিন্তু তা শুনেও ছাত্রের কোনও হেলদোল নেই। সে হেসে চলেছে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই ওই ছাত্রের কড়া সমালোচনা করেছেন। অনলাইন ক্লাসে কোনও শিক্ষিকার সঙ্গে এমন ব্যবহার কীভাবে করে কোনও পড়ুয়া, তা নিয়েও নানান মন্তব্য করা হয়েছে।





