চা প্রেমীরা চায়ের নানান ধরণের স্বাদ পেতে নানান ধরণের চা খেয়ে থাকেন। দুধ চা, লিকার চা, লেবু চা, মালাই চা, মশলা চা, আর এখন চল উঠেছে গ্রিন টি-র, এমন নানান ধরণের চায়ের নাম তো আকছার শোনাই যায়। কিন্তু ‘ফ্রুট টি’ মানে ‘ফলের চা’-এর নাম কী কখনও শুনেছেন?
কি ভাবছেন কোনও মজা চলছে? ফলের চা আবার হয় নাকি! না, কোনও মজা নয়। এমনই ‘ফ্রুট টি’ বানাচ্ছেন সুরাটের এক চা বিক্রেতা আর সেই চায়ের স্বাদ নিতে তাঁর দোকানের সামনে দেখা মিলছে উপচে পড়া ভিড়ের।
চায়ে স্বাদ বাড়াতে নানান মশলা ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু এই চা বিক্রেতা চায়ে মিষ্টির স্বাদ আনতে তাতে ব্যবহার করছেন আপেল, কলা, সবেদা জাতীয় নানান মিষ্টি মিষ্টি ফল। চায়ে চিনির বদলে এই ফল ব্যবহার করা হচ্ছে। সেই চা বানানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
কিভাবে বানানো হচ্ছে এই চা?
ভিডিওতে দেখা যাচ্ছে ফুটন্ত দুধের চায়ের মধ্যে আপেল, সবেদা, কলা টুকরো করে দেওয়া হচ্ছে। এরপর চা পাতা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি ‘ফ্রুট টি’। শরীরের জন্য ক্ষতিকারক চিনির বদলে এভাবেই গ্রাহকদের জন্য ফলের চা বিক্রি করছেন ওই বিক্রেতা। চা তৈরি হলে তা ছেঁকে পরিবেশন করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। এমন অভিনব পদ্ধতিতে চা বানাতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন ২৫ লক্ষের উপর মানুষ। এমন অদ্ভুত এক পদ্ধতিতে চা বানাতে দেখে নেটিজেনদের একাংশ বেশ উৎসাহ প্রকাশ করলেও, চা প্রেমীদের একাংশ কিন্তু এর ঘোর বিরোধিতা করেছেন।
চা হল ভারতীয়দের কাছে একটা ‘ইমোশন’। সারাদিনের ক্লান্তির পর বা কাজের ফাঁকেই এক কাপ চা যে কোনও চা প্রেমীকে এক অদ্ভুত এনার্জি দেয়। আর সেই চা নিয়ে এমন ছেলেখেলা মোটেই বরদাস্ত করতে রাজি নন তারা। ফলের চা শুনেই নাক সিটকেছেন অনেকেই। তবে তবুও যদি আপনি চান, তাহলে একবার এই ‘ফ্রুট টি’ বানিয়ে চেখে দেখতেই পারেন।





